পরিবহন বন্ধ, উত্তরাঞ্চলে সারের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের কারণে উত্তরাঞ্চলে সারের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সারের জন্য কৃষকের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।
তবে পাবনার দৃশ্যটা একেবারেই ভিন্ন। শাহাজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দর ও বেড়ার নগরবাড়ী ঘাটে সার রাখার একটুও জায়গা নেই। নদীর পাড়সহ পার্শ্ববর্তী খোলা জায়গায় লাখ লাখ বস্তা সার রাখা হয়েছে। এখনো দুই জায়গায় সারবোঝাই অর্ধশতাধিক জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে।
বাঘাবাড়ী নৌবন্দরের ইজারাদারের প্রতিনিধি আবুল মোল্লা প্রথম আলোকে বলেন, ‘বন্দরের খোলা জায়গা, নদীর পাড়সহ কোথাও এখন সার রাখার জায়গা নেই। বাধ্য হয়ে জাহাজ থেকে ট্রাকে করে পাশের বিদ্যুৎ বিভাগের মাঠে সার রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে খরচ অনেক বেড়ে যাচ্ছে।’
বাঘাবাড়ী নৌবন্দরের সহকারী পরিচালক (পোর্ট অফিসার) আবদুর রাজ্জাক বলেন, ‘উত্তরাঞ্চলের সব জায়গায় সারের চাহিদা ব্যাপক। হরতাল-অবরোধমুক্ত আট-দশ দিন সময় পেলেই বন্দরের সব সার জায়গামতো পৌঁছানো যাবে বলে আমাদের বিশ্বাস।’
জানা গেছে, উত্তরাঞ্চলে বিসিআইসির বাফার স্টকের গুদাম রয়েছে ১৪টি। বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাটের মাধ্যমে এসব গুদামে সার সরবরাহ করা হয়। চট্টগ্রাম থেকে জাহাজে করে বিসিআইসির অনুমোদিত পরিবহন ঠিকাদারেরা সার এনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে নামান। এরপর সেখান থেকে ট্রাকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল-অবরোধের মধ্যে সারবোঝাই জাহাজগুলো বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাটে ঠিকমতোই ভিড়ছে। কিন্তু সড়কপথ বন্ধ থাকায় সেগুলো কোথাও পাঠানো যাচ্ছে না।
নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দর ঘুরে দেখা গেছে, বিভিন্ন জাহাজ থেকে সার খালাস করে নদীর পাড় ও খোলা জায়গায় রাখা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভিড়িয়ে রাখা হয়েছে সারবোঝাই অর্ধশতাধিক জাহাজ। কয়েকটি জাহাজ থেকে সার নামিয়ে রাখতে দেখা গেলেও তা চলছে ঢিমেতালে।
বাঘাবাড়ী নৌবন্দরের প্রধান শ্রমিক সরদার আফতাবউদ্দিন প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে সার নামিয়ে স্তূপ করে রাখতে হচ্ছে বলে শ্রমিকদের পরিশ্রম বেড়ে গেছে। সেই তুলনায় উপার্জন গেছে কমে। এ কারণে প্রায় অর্ধেক শ্রমিকই কাজ বাদ দিয়েছেন।
বাঘাবাড়ী নৌবন্দরে সারবোঝাই জাহাজ এমভি শাহনেওয়াজের মাস্টার সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রায় প্রতিদিনই এখানে জাহাজ ভিড়ছে। কিন্তু মাল খালাস করা যাচ্ছে না। আমি ৩ ডিসেম্বর এসেছি, এখনো সার খালাস করতে পারিনি।’
নগরবাড়ী ঘাট বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চলের অনেক জায়গায় সারের অভাব দেখা দিয়েছে। অথচ আমাদের এখানে দুই লক্ষাধিক বস্তা সার খোলা জায়গা ও নদীর পাড়ে রাখা হয়েছে। এতে সার নষ্ট হয়ে যাচ্ছে।’
বাঘাবাড়ী বাফার স্টকের গুদাম থেকে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় সার সরবরাহ করা হয়। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সুদেব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘আমাদের গুদামে চার হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসব সার এত দিনে ডিলারদের মাধমে কৃষকদের কাছে চলে যেত। মাঠপর্যায়ে সারের ব্যাপক চাহিদা থাকলেও হরতাল-অবরোধের কারণে ডিলাররা সার নিতে আসছেন না।’