পরিবহন ভাড়া কমার অপেক্ষায় যাত্রীরা
জ্বালানি তেলের মূল্য কমেছে রোববার রাত থেকেই। সাশ্রয়ী মূল্যে তা কিনছেনও পরিবহনমালিকেরা। প্রতিবার মূল্যবৃদ্ধির পর ভাড়া বাড়ানোর জন্য যে দৌড়ঝাঁপ করেন মালিক-শ্রমিকনেতারা, মূল্য কমার পর এবার আর ভাড়া কমানোর জন্য তাঁদের কোনো তৎপরতা নেই। উল্টো অন্যান্য খরচ বেড়েছে—এমন অজুহাতে বিআরটিএর সঙ্গে ভাড়া না কমানোর বিষয়ে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছেন পরিবহননেতারা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ভাড়া কমানো বা সমন্বয়ের বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেনি।
তবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএর একটি ব্যয় বিশ্লেষণ কমিটি আছে। তাদের মৌখিকভাবে দ্রুততম সময়ের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত জানাতে নির্দেশনা দিয়েছি। কমিটির বৈঠক বিষয়ে আজ মঙ্গলবারের মধ্যে দাপ্তরিক আদেশ জারি হয়ে যাবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্যয় বিশ্লেষণ থেকে জানা যায়, দূরপাল্লার পথের একটি বাস প্রতিদিন গড়ে সাড়ে ৩০০ কিলোমিটার চলে। জ্বালানির মূল্য গড়ে সাড়ে ৪ শতাংশ হ্রাসের ফলে প্রতিটি বাস থেকে পরিবহনমালিকের ব্যয় কমে গেছে ৩২৩ টাকা। ঢাকা থেকে চট্টগ্রামে এক যাত্রায় একটি বাসের জ্বালানি খরচ কমে যাচ্ছে প্রায় আড়াই শ টাকা।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৮ ও ২০০৯ সালে দুই দফা জ্বালানির মূল্য ১১ টাকা কমানো হয়। সে সময় পরিবহনের ভাড়া ১১ পয়সা কমানো হয়। এরপর থেকেই জ্বালানির মূল্য এক টাকা হ্রাস পেলে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া এক পয়সা করে কমানোর রেওয়াজ চালু হয়। অথচ জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে এই রেওয়াজ মানা হয় না। উল্টো পরিবহন পরিচালনার ব্যয় বিশ্লেষণের নামে বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হয় যাত্রীদের ওপর। ২০১১ ও ২০১৩ সালে দুই দফা ডিজেলের মূল্য বৃদ্ধি পায় ১৫ টাকা। কিন্তু মালিক-শ্রমিকনেতাদের চাপে সরকার দূরপাল্লার পথে ভাড়া বৃদ্ধি করে ২৫ পয়সা।
বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটিতে সংস্থাটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে আছেন মালিক-শ্রমিকদের চার প্রতিনিধি। কমিটির একাধিক সদস্য জানান, ভাড়া নির্ধারণের বৈঠকগুলোতে মালিক-শ্রমিকদের চাহিদা মেনেই ব্যয় বিশ্লেষণ করা হয়। ভোক্তা অধিকার সংগঠনের একজন প্রতিনিধি আছেন, তবে উপস্থিতি অনিয়মিত। এ কমিটিতে ভোক্তা প্রতিনিধি আরও বাড়ানোর দাবি দীর্ঘদিনের।
এদিকে জ্বালানির মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিক-উজ-জামান ও মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে গণপরিবহনগুলো যাত্রী সাধারণের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করে থাকে। তবে রোববার রাতে জ্বালানি তেলের মূল্য কমানো হলেও দেশের কোনো গণপরিবহনে ভাড়া ১ পয়সাও কমানো হয়নি। ভাড়া কমানোর দাবিতে যাত্রী কল্যাণ সমিতি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।
দূরপাল্লার পথে বেশির ভাগ বাস ডিজেলে চলে। ঢাকা, চট্টগ্রামসহ নগরে চলাচলকারী পরিবহনের অনেকগুলো এবং ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য কিছু পরিবহনও ডিজেলে চলে। তবে সরকার এগুলোর ভাড়া নির্ধারণ করে না। গত রোববার রাতে ডিজেলের মূল্য প্রতি লিটারে তিন টাকা কমানো হয়।
ঢাকা সড়ক পরিবহন সমিতি ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের সভাপতি আবুল কালাম বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি বা হ্রাসের পর সরকার প্রজ্ঞাপন দিয়ে ভাড়া ঠিক করে দেয়। এরপর তাঁরা বাস্তবায়ন করেন। এবারও সেই নির্দেশনা অনুসরণ করা হবে।