পরিবহন ভাড়া বেড়েছে আড়াই গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেসরকারি পরিবহন—তরিতে নগরের মুরাদপুরের নির্ধারিত ভাড়া ১২ টাকা। কিন্তু সেই ভাড়া এখন নেওয়া হচ্ছে ৩০ টাকা করে। বেড়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গোলচত্বর যাওয়ার সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও। আগে ওঠানামা ছিল ৫ টাকা, এখন তা ১০ টাকা।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিলেও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা বাড়তি ভাড়া দিতে নারাজ। ফলে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে চালক ও সহকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়াচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। শেষ হবে ৯ নভেম্বর।
ভর্তি পরীক্ষার প্রথম দিন বিকেল চারটায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায় বাড়তি ভাড়া নেওয়ার চিত্র দেখা যায়। এ সময় বেশ কিছু শিক্ষার্থী বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তির চলাচল বন্ধ করে দেন এক চালক। পরে বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাস পেয়েই তির ছাড়েন ওই চালক। বাড়তি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে কয়েকজন তিরচালক ও সহকারীর সঙ্গে কথা বললে তাঁরা পরস্পরকে দেখিয়ে বলেন, ‘সবাই নিচ্ছে তাই আমরাও নিচ্ছি।’ দেখা যায়, ভর্তি পরীক্ষার এই সময়ে চাপের কারণে প্রতি তিরতে অন্তত ৬০ জন করে যাত্রী উঠছে। অথচ অন্যান্য সময় এই সংখ্যা থাকে ৩০ জনের মতো। তবু কেন তাঁরা (চালকেরা) বাড়তি ভাড়া নিচ্ছেন এই প্রশ্ন শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য পাস করা জয়নাল আবেদিন বলেন, ‘আমার ভর্তি–ইচ্ছুক ছোট বোনকে নিয়ে তিরতে করে মুরাদপুর থেকে ক্যাম্পাসের মূল ফটক পর্যন্ত যেতে ভাড়া নেওয়া হয়েছে ৩০ টাকা করে। অথচ এটির নির্ধারিত ভাড়া ১২ টাকা। বিপণিবিতান এলাকা থেকে বাসে ওঠা যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা করে, অথচ এই পথের ভাড়া ১৮ টাকা। এটা তো মেনে নেওয়া যায় না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ভর্তি পরীক্ষার আগে তাঁদের (তরীচালক) সঙ্গে কথা বললে তাঁরা বাড়তি ভাড়া নেবেন না বলে কথা দিয়েছিলেন। কিন্তু এরপরও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাচ্ছি আমরা। তাঁদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে বাড়তি ভাড়া না নিতে।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষে সবাইকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাড়তি ভাড়া না নেওয়া হয়। কিন্তু এরপরও কেউ কেউ বাড়তি ভাড়া নিচ্ছে। আমরা শিক্ষার্থীদের হয়রানি দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় এক বাসচালককে দুই মাস নিষিদ্ধ করা হয়েছে। প্রমাণ পেলে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’