পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-নাটোর-রাজশাহী মহাসড়কে চলাচলকারী বাস-মিনিবাস থেকে পরিবহন মালিক ও শ্রমিকসংগঠন এবং পুলিশের নামে চাঁদা আদায় করা হচ্ছে। বেড়া থেকে রাজশাহীর মধ্যে চলাচলকারী প্রতিটি বাস থেকে দৈনিক প্রায় এক হাজার ৬০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। একই হারে চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা গেছে সাঁথিয়া ও পাবনা থেকে চলাচলকারী বাস থেকেও৷
পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি ও বেড়া-রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি বাসের মালিক রইজউদ্দিন বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ২২০ টাকা হলেও আমরা ছাড় দিয়ে ১৬০ থেকে ১৭০ টাকা নিই। দৈনিক দেড় হাজার টাকার পরিবর্তে চাঁদার পরিমাণ শ পাঁচেকের মধ্যে থাকলে আমরা ২০ থেকে ৩০ টাকা ছাড় দিয়ে ভাড়া নিতে পারতাম।’
পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন ব্যবসা চালানো মুশকিল হয়ে গেছে। শ্রমিক বা মালিকসংগঠনগুলোর নামে শুধু নয়, পুলিশের নাম করেও চাঁদা আদায় করা হচ্ছে।’
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলাম বলেন, ‘পুলিশের নাম করে চাঁদাবাজির খবর পাওয়ামাত্রই পরিবহন নেতাদের তা আমাকে জানাতে বলেছি। প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুর রহমান বলেন, ‘মালিক ও শ্রমিকদের কল্যাণ এবং সংগঠনের ব্যয় বহনের জন্যই বাসগুলো থেকে টাকা তোলা হয়। এটা চাঁদাবাজি নয়। মালিক-শ্রমিকদের সম্মতিতেই এটা করা হয়। আর টাকা তোলার সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সম্পর্ক নেই।’
খোঁজ নিয়ে জানা যায়, পাবনা ও রাজশাহীর মধ্যে প্রতিদিন ৩৪টি বাস যাতায়াত করে। এর মধ্যে বেড়া থেকে রাজশাহীর মধ্যে যাতায়াত করে ১০টি বাস। বাসগুলো পাবনার ওপর দিয়ে নাটোর হয়ে রাজশাহীতে যাতায়াত করে। এসব বাস থেকে দৈনিক চাঁদা আদায়ের যে হিসাব পাওয়া যায়, তা হলো বেড়া থেকে যাত্রার শুরুতেই দিতে হয় ৩৫ টাকা। বাইপাস দিয়ে পাবনা শহর পার হওয়ার সময় ২৩০ টাকা ও ফেরার সময় ১০০ টাকা, নাটোর পার হওয়ার সময় ৪৯০ টাকা ও ফেরার সময় ৭০ টাকা এবং রাজশাহী টার্মিনাল, ভদ্রার মোড়, হরিশপুর টার্মিনাল মিলিয়ে দিতে হয় ৫০০ টাকারও বেশি। এ ছাড়া পাবনার কাশীনাথপুর, আতাইকুলা, গাছপাড়া, নস্করপুর বাইপাস, মূলাডুলি, দাশুড়িয়া ও টেবুনিয়া; নাটোরের বেলঘোরিয়া বাইপাস, বেলঘোরিয়া তেবাড়িয়া, রাজাপুর, পিটিআই ও নাটোর বাইপাস; রাজশাহীর কাটাখালী, রাজশাহী চেকপোস্ট, তালাইমারী, নওদাপাড়া প্রভৃতি স্থানে ১০ থেকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা আদায়কারীরা পরিবহন মালিক, শ্রমিকসংগঠনসহ পুলিশের নামে এই চাঁদা তুলে থাকেন বলে জানা গেছে। এভাবে সব মিলিয়ে বেড়া থেকে একটি যাত্রীবাহী বাসকে রাজশাহী ঘুরে আসতে প্রতিদিন প্রায় এক হাজার ৬০০ টাকা াঁদা দিতে হয়।