মানিকগঞ্জে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে ৪০টি দোতলা বাস নামানোর সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন হয়নি। পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ওই বাস চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কান্দাপাড়া সেতুর উদ্বোধন শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী গতকাল সাটুরিয়ার গোলড়া-সাটুরিয়া সড়কে কান্দাপাড়া, কামতা, জান্না, ফকুরহাটি, উত্তর-কাউন্নারা ও বালিয়াটি এলাকায় ছয়টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মন্ত্রী জানান, ছয়টি সেতু নির্মাণে খরচ হয়েছে ২১ কোটি টাকা। সেতুগুলো নির্মাণের কারণে মানিকগঞ্জের সঙ্গে টাঙ্গাইলের যোগাযোগব্যবস্থা সহজতর হবে।
বিআরটিসির দোতলা বাস: জেলার শিবালয় উপজেলায় বিআরটিসির উথলী ডিপোর একাধিক কর্মী জানান, ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের জন্য ৪০টি নতুন দোতলা বাস বরাদ্দ দেওয়া হয়। পরীক্ষামূলকভাবে কিছুদিন মহাসড়কে কয়েকটি বাস চলাচল করে। গত ৪ মে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার কথা ছিল যোগাযোগমন্ত্রীর। কিন্তু এক মাসেও সেই উদ্বোধন হয়নি।
বিআরটিসির কর্মীরা জানান, বর্তমানে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে কাগজে-কলমে বিআরটিসির ৪০টি একতলা বাস ইজারার মাধ্যমে চলাচল করছে। কিন্তু দীর্ঘদিনের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু তদারকির অভাবে অধিকাংশ বাসই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
একাধিক যাত্রী জানান, ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। রাজধানীর অতি কাছের জেলা হয়েও এখানে যাত্রী পরিবহন পরিস্থিতি অত্যন্ত নাজুক। স্থানীয়ভাবে তিনটি পরিবহন প্রতিষ্ঠানের বাস চললেও সেগুলোর মান উন্নত নয়। যাত্রীর তুলনায় বাসের সংখ্যাও কম। অন্যদিকে বিআরটিসির পুরোনো একতলা বাস প্রায়ই রাস্তায় বিকল হয়ে পড়ে। তখন বিপাকে পড়েন যাত্রীরা। তাই বিআরটিসির নতুন দোতলা বাস চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
যে কারণে নামছে না দোতলা বাস: নাম প্রকাশে অনিচ্ছুক উথলী ডিপোর এক কর্মকর্তা জানান, আর্থিক স্বার্থের কারণে বিআরটিসির স্থানীয় ইজারাদার ও অন্যান্য বাসের মালিকেরা চান না ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়কে নতুন কোনো পরিবহনের বাস নামানো হোক। নতুন বাস এলে মানিকগঞ্জে পরিবহন খাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে বলে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীকে দিয়ে যোগাযোগমন্ত্রীকে জানানো হয়েছে। ওই তদবিরের সঙ্গে ওই মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা শ্রমিক লীগ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার জড়িত বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে শ্রমিক লীগের নেতা বাবুল সরকার বলেন, ‘ঢাকা-আরিচা ও পাটুরিয়া মহাসড়কে যাত্রী পরিবহনে বাসের সংখ্যা কম। যাত্রীদের সুবিধার্থে নতুন বাস যুক্ত হোক—সেটা আমরাও চাই। এ ধরনের অভিযোগ মিথ্যা।’
আরিচায় শীতাতপ বাস চলবে: যোগাযোগমন্ত্রী গতকাল জানান, বিআরটিসির ২৯০টি ও ৫০টি আর্টিকুলার (সংযুক্ত) বাস চলাচল করছে। নতুন ৮৮টি এসি (শীতাতপ) বাসের মধ্যে ইতিমধ্যে ১১টি চলে এসেছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকা-আরিচাসহ অন্যান্য মহাসড়কে এসব বাস চলাচল করবে।