পরিবহন-শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১৩ জন আহত
কলেজবাসে শিক্ষার্থী তোলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলা পরিবহন- শ্রমিকদের সঙ্গে পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রদের সংঘর্ষে ১০ ছাত্রসহ ১৩ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও ঢাকা-পাবনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও কলেজের শিক্ষকেরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।এ ঘটনায় কলেজের এক ছাত্র বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৪০ জন পরিবহন-শ্রমিককে আসামি করে চাটমোহর থানায় একটি মামলা করেছে। প্রতিবাদে চাটমোহর উপজেলা পরিবহন-শ্রমিক সমিতি পাবনার সঙ্গে চাটমোহরের বাস-মিনিবাস চলাচল বন্ধ রেখেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিতে চাটমোহরে যায়। চাটমোহর বাসস্ট্যান্ডে ছাত্রছাত্রীরা বাসে উঠতে গেলে পরিবহন-শ্রমিকেরা তাদের সাধারণ যাত্রী ভেবে বাধা দেয়। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রদের সঙ্গে পরিবহন-শ্রমিকদের সংঘর্ষ বাধে। এ সময় বাসস্ট্যান্ডে অবস্থানরত শ্রমিকেরা একত্র হয়ে কলেজবাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে ইমদাদুল হক, আতাউর রহমান, সালমান, ইমরান, ফরিদ, মামুন ও রাসেদসহ ১০ ছাত্র আহত হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ছাত্রছাত্রীরা কলেজবাস নিয়ে বাসস্ট্যান্ড ত্যাগ করে। পথিমধ্যে তারা চাটমোহর রেলবাজার এলাকায় পাবনা থেকে বাঘাবাড়ীগামী এসএসএস পরিবহনের একটি ও আটঘরিয়া বাজারে আরও একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এ সময় এসএসএস পরিবহনের চালক শাকিল, সহকারী হেলাল ও মিলনসহ আরও তিনজন আহত হন। কলেজবাসটি ক্যাম্পাসে পৌঁছানোর পর ছাত্রছাত্রীরা ঘটনা জানার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়কের সিঙ্গা মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলাকালে পুলিশ ও কলেজের শিক্ষকেরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেয়। বিক্ষুব্ধ ও আহত ছাত্রদের অভিযোগ, চাটমোহর উপজেলা পরিবহন-শ্রমিকেরা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিল। মাঝেমধ্যেই তারা ছাত্র-ছাত্রীদের ওপর চড়াও হয়। প্রতিবাদ করলে পরিবহন চলাচল বন্ধের হুমকি দেয়। ঘটনার সময় কলেজবাসে বাইরের কোনো যাত্রী ছিল না। তবে অভিযোগ অস্বীকার করে চাটমোহর উপজেলা পরিবহন-শ্রমিক সমিতির সভাপতি সালাউদ্দিন রানা প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেনি। কলেজবাসটিকে নির্দিষ্ট একটি জায়গা থেকে ছাত্র-ছাত্রীদের তুলতে বলা হয়েছিল। তারা তা না শোনায় এ ঘটনা ঘটেছে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু উচ্ছৃঙ্খল পরিবহন-শ্রমিকের কারণেই ঘটনাটি ঘটেছে। এ জন্য সব পরিবহন-শ্রমিক দায়ী নয়। এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পরিবহন-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।