শ্রমিকদের শাস্তি, ঘোষণা ছাড়াই বাস বন্ধ
রাজধানীতে আজ রোববার গণপরিবহনের কর্মচারীদের শাস্তির জের ধরে রাজধানীর মিরপুর ১০ নম্বর কেন্দ্রিক বাসের যাতায়াত প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল। এতে ওই এলাকাকেন্দ্রিক মানুষ চরম বিপাকে পড়ে।
পাশাপাশি অন্য গন্তব্যের বাসগুলোতে যাত্রীর চাপ বেড়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়তি ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় আগারগাঁও এলাকার আবহাওয়া অধিদপ্তরের সামনে পুলিশের ভ্রাম্যমাণ আদালত মিরপুর থেকে নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহনের একজন বাস-শ্রমিককে জরিমানা করেন। এ সময় বাসের চালকের সহকারীকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এর জের ধরে ওই এলাকার বাস শ্রমিকেরা প্রতিবাদ শুরু করেন। তাঁরা মোবাইল কোর্টের কার্যক্রমের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাস বন্ধ করে দেন। এর ফলে মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, ফার্মগেট, মতিঝিল, বিশ্বরোড, গুলিস্থান পর্যন্ত শত শত যাত্রী বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন। অনেকে বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে পৌঁছান। দুপুর ১টার দিকে শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় বহু মানুষকে বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তখনো অনেকেই বাস না থাকার কারণ জানতেন না।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সারফুদ্দিন আহমেদ বলেন, মিরপুর গন্তব্যের বাস না থাকায় মতিঝিল এলাকার অন্যান্য বাসে প্রচণ্ড যাত্রীর চাপ দেখা দেয়। অনেক চেষ্টার পরও বাসে উঠতে না পেরে তিনি মতিঝিল থেকে কারওয়ান বাজারে অটোরিকশায় আসেন আড়াইশো টাকায়। অথচ অন্য সময় একই গন্তব্যে তিনি ১২০ টাকা থেকে দেড়শো টাকায় যাতায়াত করেন। তিনি বলেন, বাস না থাকায় অটোরিকশার চাহিদাও বেড়ে যায়। এতে অটোরিকশা চালকেরা ইচ্ছেমতো ভাড়া হাঁকেন। দুর্ভোগে পড়া যাত্রীদের ওই ভাড়াতেই যেতে বাধ্য হতে হয়।
আরেক যাত্রী উজ্জল হোসেন, রাস্তায় বাস কম থাকায় ও বাসে প্রচণ্ড ভিড় থাকায় তিনি অনেকক্ষণ চেষ্টা করেও বাসে উঠতে পারেননি। পরে গাবতলীর পরে আমিন বাজার এলাকা থেকে ফার্মগেট অটোরিকশায় আসেন ৪০০ টাকা খরচ করে।
বাস বন্ধ থাকার কারণ জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ৪-৫ জন চালক-শ্রমিককে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, চলন্ত গাড়ি থামিয়ে এভাবে শ্রমিকদের সরাসরি কারাদণ্ড দিয়ে দিলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। যাত্রীদেরও ভোগান্তি বাড়ে। কর্তৃপক্ষকে এর আগেও বলা হয়েছে, শুরুতেই সর্বোচ্চ শাস্তি না দেওয়ার জন্য। কিন্তু এটি দেওয়ার জন্য বাস বন্ধ ছিল। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল আমিন বলেন তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে সাড়ে নয়টায় মোবাইল কোর্টের কার্যক্রম শুরু করেন। একপর্যায়ে তিনি দেখেন সকাল ১০ টার পরে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। তিনি দাবি করেন, এর সঙ্গে মোবাইল কোর্টের কোনো সম্পৃক্ততা আছে কি না তা তিনি জানেন না। তিনি জানান, আজ হিমাচল পরিবহনসহ আরও কয়েকটি পরিবহনে বাড়তি ভাড়া আদায়, ভাড়ার তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে ১৫ টি মামলা করা হয়েছে ও ১৩ হাজার ৪০০ জরিমানা করা হয়েছে। এ সময় দুইটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি লেগুনা জব্দ করা হয়েছে। হিমাচল পরিবহনের চালকের সহকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, আগে এর চেয়েও বেশি জরিমানা করা হয়েছে। কিন্তু কোনো হট্টগোল হয়নি।