পরিবহনশ্রমিকদের হঠাৎ ধর্মঘটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গতকাল সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে এই কর্মসূচি।

যানবাহন না পেয়ে দৌড়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
যানবাহন না পেয়ে দৌড়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গত রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা। যাত্রীদের দুই দিনের দুর্ভোগের পর যান চলাচল যখন স্বাভাবিক হওয়ার পথে, তখন আজ থেকে পরিবহনশ্রমিকেরা আবার নতুন কর্মসূচি শুরু করেছেন। নতুন করে আবার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সকাল সাতটা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এ সময় ট্রাকশ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

ঢাকা ও ঢাকার বাইরে থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক অফিসের খবর:

চুয়াডাঙায় পরিবহন শ্রমিকেরা মেহেরপুর-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করে। ছবি: শাহ আলম
চুয়াডাঙায় পরিবহন শ্রমিকেরা মেহেরপুর-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করে। ছবি: শাহ আলম

ঢাকা: সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের সামনে গরুর হাট ক্রসিংয়ে ও দারুস সালামে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছেন পরিবহনশ্রমিকেরা। দু-একটা প্রাইভেট কার ও লেগুনা ছাড়া আর কোনো গাড়ি চলাচল করছে না। রাজধানী থেকে সাভার ও মানিকগঞ্জ সড়কে যান চলাচল একদম বন্ধ। রাস্তাঘাটে হাজারো যাত্রী গাড়ির অপেক্ষায়। কিন্তু ঢাকা থেকে কোনো গাড়ি বের না হওয়ায় এবং ঢাকায় কোনো গাড়ি ঢুকতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।

গাবতলী এলাকার দায়িত্বরত ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথমে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাকশ্রমিকদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু সকাল নয়টার পর থেকে আবার তাঁরা অবরোধ শুরু করে ভাঙচুর চালান। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার লিটন কুমার সাহা বলেন, পরিবহনশ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ও সড়ক দুর্ঘটনার দায়ে এক ট্রাকচালকের মৃত্যুদণ্ড প্রত্যাহার করতে হবে। এই দাবি না মানা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। পাশাপাশি সারা দেশে ধর্মঘটও চলবে। ধর্মঘটের অংশ হিসেবে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী যান চলাচল করবে।’ পণ্যবাহী কোনো ট্রাক চলাচল করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, চালক-শ্রমিকেরাই তো ট্রাক চালাবে না।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ব্যক্তিগত গাড়ি চলতে বাধা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ব্যক্তিগত গাড়ি চলতে বাধা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

কেরানীগঞ্জ: সকালে পরিবহনশ্রমিকেরা ঢাকা থেকে মাওয়াগামী বাস চলাচলে বাধা দেওয়ায় এই রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। এ ছাড়া সকাল নয়টার দিকে পুরান ঢাকার রাইসাহেব বাজার ও বংশাল এলাকায় পরিবহনশ্রমিকেরা যান চলাচলে বাধা দেন। এ কারণে সদরঘাট-গুলিস্তান রোডে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর কমলাপুর এলাকা, মুগদা ও সায়েদাবাদ এলাকা থেকেও কোনো বাস ছেড়ে যায়নি।

মুগদা থেকে মতিঝিলগামী বাহন পরিবহনের যাত্রী কাওছার আহমেদ বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাসে করে মতিঝিল যাচ্ছিলেন। বাসটি কমলাপুর রেলস্টেশনের দিকে পৌঁছালে পরিবহনশ্রমিকেরা বাধা দিয়ে যাত্রীদের নামিয়ে দেন। এতে তিনিসহ ওই বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকা থেকে মাওয়াগামী গাঙচিল পরিবহনের চালক সিরাজ উদ্দিন মিয়া বলেন, গুলিস্তান থেকে মাওয়া যাওয়ার পথে বাসশ্রমিকেরা বাধা দেন। এ কারণে পথে যাত্রীরা বাস থেকে নেমে যান।

মেয়র হানিফ উড়ালসেতুতে যানবাহন না পেয়ে মানুষের ভোগান্তি। ছবি: হাসান রাজা
মেয়র হানিফ উড়ালসেতুতে যানবাহন না পেয়ে মানুষের ভোগান্তি। ছবি: হাসান রাজা

নারায়ণগঞ্জ: সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। নগরের বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস পার্কিং করে রাখা হয়েছে। ১ নম্বর রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারগুলো তালা বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যানবাহন মিলছে না। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী জোবায়ের হোসেন ও আহম্মেদুল করিম বলেন, হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। কিন্তু তাঁদের ঢাকা যাওয়া জরুরি। বাসের জন্য অপেক্ষমাণ নারী জ্যোৎস্না বেগম বলেন, তিনি স্বামী ও ছয় বছরের মেয়েসহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাবেন। বাস কাউন্টারে এসে দেখেন ধর্মঘট। আজ বাড়িতে যেতে না পারলে আবার অফিস থেকে ছুটি নেওয়া যাবে না।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ধর্মঘট ডাকা বেশ কয়েকজন বাসচালক নিজেদের পক্ষে সাফাই গেয়ে বলেন, চালকেরা তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটান না।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানবাহনের জন্য মানুষের জটলা। ছবি: হাসান রাজা
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানবাহনের জন্য মানুষের জটলা। ছবি: হাসান রাজা

চট্টগ্রাম: ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে বিভিন্ন যাত্রাপথে দূরপাল্লার বাস, মিনিবাস, হিউম্যান হলার ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। নগরের অক্সিজেন মোড় ও বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে সকাল থেকে কোনো দূরপাল্লার গাড়ি ছাড়েনি। যানবাহনের অভাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

চট্টগ্রাম থেকে সকালে চকরিয়ার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হন তরুণ ছলা মং। নগরের বহদ্দারহাট টার্মিনালে গিয়ে জানতে পারেন গাড়ি চলছে না। তখন তিনি আবার ফেরত আসেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, পরিবহন ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

রাজধানীর শনির আখড়ায় একটি বাসে সবাই মিলে ওঠার চেষ্টা। ছবি: হাসান রাজা
রাজধানীর শনির আখড়ায় একটি বাসে সবাই মিলে ওঠার চেষ্টা। ছবি: হাসান রাজা

রাজশাহী : সকাল থেকে রাজশাহীতে বাস ধর্মঘট চলছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। রাজশাহী থেকে আজ সকালে কোনো রুটে বাস ছেড়ে যায়নি।

রাজশাহী শ্রমিক ইউনিয়নের সহদপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম বলেন, ‘আমরা চাই না আমাদের হাতে একটা পিঁপড়াও মরুক। দুর্ঘটনা দুর্ঘটনাই। কিন্তু ওই সড়ক দুর্ঘটনার মামলায় চালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা এই রায়ের প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা জামিরের মুক্তি চাই। মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

মাদারীপুর : মাদারীপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনশ্রমিক সংগঠনগুলো। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট এখনো চলমান রয়েছে। এতে মাদারীপুর জেলা ও উপজেলায় বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ধর্মঘটের কারণে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সঙ্গে সড়কপথে সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে।

এ ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেককে রিকশা, ইজিবাইক বা বিকল্প যানবাহনে করে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন রিকশা ও ইজিবাইকের চালকেরা। এসএসসি পরীক্ষার্থী রফিকুল জানায়, ‘পরীক্ষা দিতে যাব কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। সময়মতো পরীক্ষার কেন্দ্রে যাওয়াটা জরুরি। তার ওপরে বাড়তি ভাড়া আরেকটা বোঝা মনে হচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ বলেন, সকালে পরিবহনশ্রমিকেরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্মঘট শুরু করেছেন।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইজুল শরিফ বলেন, ‘আমাদের দাবি না মেনে নিলে শ্রমিকেরা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন। জামির হোসেনের মুক্তি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।’

সায়েদাবাদে যাত্রীদের অপেক্ষা। ছবি: সাদ্দাম হোসাইন
সায়েদাবাদে যাত্রীদের অপেক্ষা। ছবি: সাদ্দাম হোসাইন

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সড়ক পরিবহনশ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজও চলছে। বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশনের ধর্মঘটের সপ্তম দিনে আজ চুয়াডাঙ্গা জেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথে কোনো যান চলাচল করেনি।

সাতক্ষীরা : পরিবহন ধর্মঘটের কারণে সাতক্ষীরার ভোমরা বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বন্দরে পাঁচ শতাধিক ট্রাক আটকে রয়েছে।

সাতক্ষীরা ভোমরা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী ফরিদউদ্দিন বলেন, ধর্মঘটের কারণে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে বন্দর এলাকায়। এতে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

সাতক্ষীরা বাস টার্মিনালে খুলনা যাওয়ার জন্য অপেক্ষমাণ সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মোনায়েম সরদার ও আবদুর রশিদ বলেন, ভিসা নিতে তাঁরা খুলনা যাবেন। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে তাঁরা ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে ধর্মঘট প্রত্যাহারের কোনো নির্দেশনা না পাওয়ায় আজও ধর্মঘট চলছে। সাতক্ষীরা জেলা বাসা ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ বলেন, ধর্মঘট প্রত্যাহার হলেও শ্রমিকদের বিরোধের কারণে কোনো ধরনের যান চলাচল করছে না।

সায়েদাবাদে যাত্রীদের অপেক্ষা। ছবি: সাদ্দাম হোসাইন
সায়েদাবাদে যাত্রীদের অপেক্ষা। ছবি: সাদ্দাম হোসাইন

বরিশাল : সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মাইক্রোবাস চলাচলও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সিরাজগঞ্জ: জেলার কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল হয়ে জেলার কোথাও যাত্রীবাহী কোচ চলাচল করছে না। সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে সব ধরনের ট্রাক চলাচল বন্ধ করে দেয়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি ট্রাক ভাঙচুর করে। ঢাকা-বগুড়া, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দু একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।


চাঁদপুর : চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ অন্তত ২০টি রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ধর্মঘটের কারণে সড়ক পথের যাত্রীদের কিছুটা সমস্যা হলেও চাঁদপুর থেকে রেলপথ ও নৌ পথে চলাচল সুবিধা থাকায় যাত্রীদের তেমন দুর্ভোগে পড়তে হচ্ছে না।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচলে শ্রমিকেরা বাধা সৃষ্টি করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। সড়কজুড়ে একধরনের অরাজকতা চললেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়া ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

মহাসড়কের নান্দাইল চৌরাস্তা, নান্দাইল বাসস্ট্যান্ড ও কানুরামপুর এলাকায় গিয়ে দেখা যায়, লাঠি হাতে নিয়ে শ্রমিকেরা অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন আটকাচ্ছেন। উৎপল কুমার দাস নামে এক যাত্রী বলেন, বাস না থাকায় ৫০ কিলোমিটার রাস্তা চরম দুর্ভোগ সহ্য করে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ থেকে নান্দাইলে এসেছেন। এমন অরাজকতা চললেও কেউ কিছু বলছেন না।

২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচার এলাকায় ট্রাকচাপায় নিহত হন খোদেজা বেগম (৩৮)। এ ঘটনায় তাঁর স্বামী নুরু গাজী সাভার থানায় ট্রাকচালক মীর হোসেন ও তাঁর সহকারী ইনতাজ আলীর বিরুদ্ধে মামলা করেন। ট্রাকচালক মীর হোসেনের বাড়িও সাভারের ঝাউচর এলাকায়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় চালক মীর হোসেনের মৃত্যুদণ্ড এবং তাঁর সহকারীকে খালাস দেন। এরই প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন পরিবহনশ্রমিকেরা।