ফাহিদ হোসেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্র। ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে তিনি নিয়মিত পরিবহন খাতে কর্তৃপক্ষকে টাকা দিয়ে এলেও কখনো তাঁর বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চড়ার সৌভাগ্য হয়নি। নগরের নবাব রোড এলাকার বাসিন্দা ফাহিদ বলেন, ‘আমাদের রুটে বিশ্ববিদ্যালয়ের কোনো গাড়ি চলাচল না করায় নিজ খরচেই আমাকে যাতায়াত করতে হয়। অথচ বছর বছর পরিবহন খাতে টাকা তো দিচ্ছিই।’
ফাহিদের মতো অনেকেই পরিবহনসুবিধা পাওয়ার জন্য ওই খাতে টাকা দিয়েও কোনো সুবিধা না পেয়েই বিশ্ববিদ্যালয়জীবন পার করে দিচ্ছেন। ওই বিশ্ববিদ্যালয়সহ সিলেটের কয়েকটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে পরিবহন ফি বাবদ জনপ্রতি বছরে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত রাখা হয়। ফি দিয়েও পরিবহনসুবিধা না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৪ হাজার।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত হাজার ৭০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। একাধিক শিক্ষার্থীর দাবি পরিবহন সংকটের কারণে তাঁদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত ও ভোগান্তি হচ্ছে। পরিবহন শাখা জানায়, নিজস্ব সাতটি বড় গাড়ি রয়েছে। এসব গাড়িতে ৩৬৪টি আসন। এর বাইরে বিআরটিসি কর্তৃপক্ষের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গড়ে কমপক্ষে ১০ থেকে ১৪টি গাড়ি ভাড়ায় এনে থাকে। এসব গাড়ি সকাল, দুপুর ও বিকেলে একাধিকবার নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করে। প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত পরিবহনসুবিধা পাচ্ছেন বলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তার দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ সিলেটের ১০টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে একই অবস্থা। এসব প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪৬ হাজার শিক্ষার্থীরা বিপরীতে পরিবহনসুবিধা পাচ্ছে মাত্র আড়াই হাজার শিক্ষার্থী। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট ও মঈনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও কোনো ধরনের পরিবহনসুবিধা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কলেজগুলো।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি গাড়ি কেনা হয়েছে। এর মধ্যে একটি গাড়িচালকের অভাবে সারা বছরই বন্ধ থাকে। অপর দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি প্রায় সময়ই বিকল থাকে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। বর্তমানে এখানে প্রায় ২৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করলেও কোনো পরিবহন-ব্যবস্থাই চালু করা হয়নি। সিলেটের এমসি কলেজে সাড়ে ১২ হাজার শিক্ষার্থীর পরিবহনের জন্য দুটি গাড়ি রয়েছে। এ দুটি গাড়ির আসনসংখ্যা ৮০। কলেজের উপাধ্যক্ষ মুহা হায়াতুল ইসলাম আকঞ্জি জানান, পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
সিলেট সরকারি কলেজে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য দুটি গাড়ি রয়েছে। এসব গাড়িতে ১১২ জন শিক্ষার্থী যাতায়াত করতে পারেন। তবে গাড়িগুলো পুরোনো হওয়ায় প্রায় সময়ই বিকল থাকে। অধ্যক্ষ আশফাক আহমদ বলেন, ‘সরকারি কলেজ হওয়া সত্ত্বেও গাড়ির পরিবহন ব্যয় এবং চালকদের বেতন সরকার বহন করে না। কলেজের নিজস্ব তহবিল থেকে এগুলো বহন করতে হয়। বিকল গাড়ি সারাতেও অনেক টাকা ব্যয় হয়।’
সিলেট সরকারি মহিলা কলেজে সাত হাজার ৩০০ জন ছাত্রী পড়াশোনা করছেন। পরিবহনের জন্য ১০০ আসনের দুটি গাড়ি রয়েছে। তবে বহু পুরোনো হওয়ায় প্রায় সময়ই গাড়ি বিকল হয়। অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী বলেন, ‘কলেজের গাড়িতে স্থান সংকুলান না হওয়ায় যেসব ছাত্রী ব্যক্তিগত উদ্যোগে কলেজে আসছেন, তাঁদের নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে।’
মদন মোহন কলেজে ১০ হাজার ৪২৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৩২ আসনের দুটি গাড়ি। অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘বেসরকারি কলেজ হওয়ায় সরকারি অনুদানের কোনো গাড়ি আমরা পাইনি। কলেজের নিজস্ব তহবিল থেকে কেনা দুটি গাড়ি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।’
পরিবহনসুবিধার বাইরে থাকা নগরের শামীমাবাদ এলাকায় মঈনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন জানান, ৬৫০ ছাত্রীর বিপরীতে কোনো পরিবহনসুবিধা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি।
সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দুই হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও তাঁদের জন্য কোনো পরিবহনসুবিধা চালু করা হয়নি। সিলেট সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ ভূষণ চন্দ্র সরকার বলেন, ‘আমাদের কলেজে প্রায় ৪০০ শিক্ষার্থীর বিপরীতে কোনো পরিবহনসুবিধা এখন পর্যন্ত চালু হয়নি।’