পরিবহনশূন্য রাজধানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচল কমে গেলে গতকাল দুর্ভোগে পড়ে নগরবাসী। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
১৮ দলের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচল কমে গেলে গতকাল দুর্ভোগে পড়ে নগরবাসী। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে ঢোকার মুখে ময়মনসিংহগামী থেমে থাকা একটি বাসের সামনে বসে ছিলেন আবদুল মজিদ। ভালুকায় বাড়ি তাঁর। টানা ১১ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা শেষে গতকাল শনিবার দুপুরে বাড়ি যাবেন বলে এসেছিলেন মহাখালীতে। কিন্তু এসে শোনেন বাস বন্ধ। থাকবেন ঢাকায় এমন কোনো আত্মীয় তাঁর নেই। লেপ, বালিশ নিয়ে একটি মাদুর পেতে বসে ছিলেন তিনি। সঙ্গে স্ত্রী ফিরোজা বেগম।
মজিদ বলছিলেন, ‘এখন যাইয়াম ক্যামনে, থাকুম কোনহানে?’ জানালেন, সিএনজিচালিত অটোরিকশাগুলো দুই হাজার টাকা ভাড়া চাইছে ভালুকা যেতে। সেই ভাড়া মেটানোর ক্ষমতা তাঁর নেই।
তৌহিদুল ইসলাম। আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সকাল সাতটায় পুরান ঢাকার স্বামীবাগের বাসা থেকে বের হয়ে তিনি অবাক। কোনো বাস নেই। ঘণ্টা খানেক অপেক্ষা করে তিনি রিকশা নিয়ে চলা শুরু করেন। অবশেষে ছয় দফা রিকশা পাল্টে, মাঝে দুই দফা অটোরিকশায় চড়ে সকাল নয়টার অফিসে পৌঁছান দুপুর সাড়ে ১২টায়।

আজ ২৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পূর্বঘোষিত ঢাকা অভিমুখে যাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসি’র। এই কর্মসূচির প্রস্তুতি ও এতে যোগদান ঠেকাতে গতকাল শনিবার গণপরিবহন বন্ধ করা হয়েছে।
গতকাল রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডের মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন প্রচুর যাত্রী। কিন্তু ছিল না বাস। অনেক সময় পার হওয়ার পর একটি মিনিবাস এলেও মুহূর্তেই তা ঠাসাঠাসি হয়ে যায় ভিড়ে। বেলা ১১টার পর থেকে রাজধানীতে অটোরিকশা বাড়তে থাকে। প্রধান সড়কগুলো ছিল মূলত রিকশাচালকদের দখলে। বাস না চলার সুযোগে অটোরিকশা ও রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া নেন অসহায় যাত্রীদের কাছ থেকে। প্রচুর লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সাধারণত সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় অনেক বাস থাকলেও গতকাল ছিল ভিন্ন চিত্র। বাসের আশায় শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। দুপুরে সায়েদাবাদের বাস কাউন্টারগুলোর সামনে দেখা গেছে, দু-একটি ছাড়া সব বাসের কাউন্টার বন্ধ।

মহাখালী বাসস্ট্যান্ডে কোনো বাস ঢোকেনি, বেরোয়ওনি। বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জেলা এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলা মিলিয়ে ১৮টি জেলায় বাস চলে এখান থেকে। আগাম কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় এসব জেলামুখী মানুষ পড়েন বিপদে।

গুলিস্তান থেকে ধামরাইগামী বাসগুলোও বন্ধ ছিল। বিরোধী দলের হরতাল ও অবরোধে নগরে বিআরটিসি বাস চলাচল করতে দেখা গেলেও গতকাল তাও চলেনি। গাবতলী-উত্তরা ও আবদুল্লাহপুরগামী ডাবল ডেকারের বাসগুলোও গাবতলী ডিপোতে পার্ক করে রাখা হয়েছে।

তবে পরিবহনশূন্য রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি ও ব্যক্তিগত গাড়িও মালিকবিহীন অবস্থায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভুগেছেন ঢাকা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন টার্মিনালে যাওয়া যাত্রীরা। পরিবার-পরিজন, সঙ্গে ব্যাগ ও তল্পিতল্পা নিয়ে এসব যাত্রীর ভোগান্তির সীমা ছিল না।

খিলগাঁও তালতলায় রাখা একটি পরিবহনের একজন চালক রকিব উদ্দিন জানান, রোববারে কর্মসূচির জন্য বিএনপি জোর করে গাড়ি ভাড়া নিতে চেয়েছে। অন্যদিকে নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের লোকজন গাড়ি চায়। রকিব উদ্দিন বলেন, ‘এই দুই দলের একটারে গাড়ি দিলেই অন্য দল গাড়ি ভাইঙ্গা আগুন দিব। তাই মালিকও ভয়ে আছে। গাড়িও নষ্ট বইলা ইঞ্জিন খুইলা রাখছে।’