পাবনা ও শাহাজাদপুর পরিবহনশ্রমিকদের দ্বন্দ্বে প্রায়ই ওই দুই এলাকার মধ্যে যান চলাচল বন্ধ থাকছে। এ রকম বারবার পরিবহন ধর্মঘটে দুই এলাকার মধ্যে চলাচলকারী সাধারণ মানুষকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি পরিবহনের মালিক ও শ্রমিকদেরও আর্থিক ক্ষতি বাড়ছে। শ্রমিক দ্বন্দ্বে চলতি বছর (২০১৬) এ পর্যন্ত দুই জায়গার মধ্যে অন্তত পাঁচবার বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বেড়া পৌর এলাকার বাসিন্দা কলেজশিক্ষক আবুল কালাম বলেন, ‘এ বছর আমি পরিবহন ধর্মঘটের কারণে তিন থেকে চারবার চিকিৎসা-সংক্রান্ত কাজে ঢাকা যেতে পারিনি। পরিবহনশ্রমিক ও মালিকদের কাছে সবার পক্ষ থেকে আমার অনুরোধ, ভবিষ্যতে তাঁরা যেন এভাবে মানুষকে কষ্ট না দেন।’
এদিকে প্রায়ই বাস বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি পরিবহনের মালিকদের গুনতে হচ্ছে লোকসান। শ্রমিকদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার বাসশ্রমিক বাবু মিয়া বলেন, ‘একদিন বাস চলা বন্ধ থাকা মানেই সেই দিন সংসার না চলা। বারবার পরিবহন ধর্মঘটের কারণে আমাগরে মতো গরিবের ঋণের বোঝা বাইড়্যা যায়।’
পাবনা সড়ক পরিবহন মালিক গ্রুপের (নগরবাড়ী) সাধারণ সম্পাদক গোলাম নবী রতন বলেন, ‘অনেকেই মনে করেন, বাস বন্ধ থাকলে সাধারণ মানুষ ও শ্রমিকদেরই শুধু কষ্ট হয়। বাস ধর্মঘট থাকাকালে আমাদের আওতাধীন শুধু নগরবাড়ী এলাকার মালিকদেরই প্রতিদিন প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। বাস বন্ধ থাকার কারণে অনেক বাসমালিক ঠিকমতো ঋণের কিস্তিও শোধ করতে পারেননি।’
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, পাবনা ও শাহাজাদপুর পরিবহনশ্রমিকদের দ্বন্দ্ব, বিবাদ যেন অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এ দুয়ের মধ্যে বিবাদ দেখামাত্রই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই দুই এলাকার মধ্যে চলাচলকারী বাস। পরে বাস চলাচল স্বাভাবিক হতে লেগে যাচ্ছে চার দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত।
চলতি বছরের গত ১২ জানুয়ারি পাবনা ও শাহাজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন দুটি বাসের শ্রমিকদের মধ্যে হাতাহাতির জের ধরে ১২ দিন বাস চলাচল বন্ধ থাকে। এরপর গত ১১ মে আবারও দুই এলাকার শ্রমিকদের মারামারির জের ধরে ছয় দিন বাস চলাচল বন্ধ ছিল। নগরবাড়ী (পাবনা) ও শাহাজাদপুর মোটর মালিক সমিতি এবং পরিবহনশ্রমিকদের দ্বন্দ্বে গত ১ আগস্ট আবারও বাস চলাচল বন্ধ হয়ে যায়। চালু হয় ১৩ দিন পর। এরপর নগরবাড়ী ও শাহাজাদপুর পরিবহনশ্রমিকদের দ্বন্দ্বে আবারও ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। দুই এলাকার শ্রমিকদের দ্বন্দ্ব ও মারামারির ঘটনায় সর্বশেষ বাস চলাচল বন্ধ হয় ১৩ অক্টোবর। এর তিন দিন পর গত ১৬ অক্টোবর পাবনা ও শাহাজাদপুর মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠক করে বিষয়টি মিটিয়ে ফেলেন। ফলে ১৭ অক্টোবর থেকে বাস চলাচল চালু হয়। এরপর এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইসউদ্দিন ও শাহাজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, বাস বন্ধ থাকলে সাধারণ মানুষ, মালিক, শ্রমিক সবারই কষ্ট। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।