পরিবহনশ্রমিক নেতা উদ্ধার, ধর্মঘট প্রত্যাহার
অপহরণের দুদিন পর পুলিশ পরিবহনশ্রমিক নেতা নুরুল ইসলামকে উদ্ধার করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এর পর বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ডাকা ২৬ ও ২৭ আগস্টের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ বিকেলে নুরুল ইসলামকে উদ্ধারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নুরুল ইসলাম একটি অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে তাঁর বাবা আবদুল মালেককে ফোন করেন। ওই সময় তাঁর বাবা আমাদের কার্যালয়ে ছিলেন। ওই ফোনে আমি নুরুল ইসলামের সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান, তাঁকে কয়েকজন লোক ৫০ টাকা দিয়ে ফেনীর লালপোল এলাকায় একটি বাসে তুলে দেন। সেখান থেকে তিনি মিরসরাইয়ের বারইয়ারহাট এসে নামেন। বাস কাউন্টার থেকে আমাদের ফোন করেছেন।’
মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের বিষয়টি আমরা চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও জেলা পুলিশ সুপারকে জানাই। এর পর পুলিশ তাঁকে উদ্ধার করে।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান পরিবহনশ্রমিক নেতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল তাঁকে চট্টগ্রাম নগরে নিয়ে আসবেন। তিনি আরও জানান, নুরুল ইসলাম কী কারণে অপহৃত অথবা নিখোঁজ হয়েছিল সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গার নারিকেলতলা থেকে বন্দরটিলায় যাওয়ার সময় নুরুল ইসলামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।