পরিবহনশ্রমিকদের কর্মসূচি থেকে বাসযাত্রীদের মারধর
সড়ক পরিবহনশ্রমিকদের মানববন্ধনে অংশ নেওয়া কিছু শ্রমিক গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বাস থেকে নামিয়ে কয়েকজন যাত্রীকে বেদম মারধর করেছেন। মানববন্ধনের কারণে বাসটি আটকা পড়লে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে এই ঘটনা ঘটে।পরিবহনশ্রমিকদের মানববন্ধনের কারণে গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত পুরানা পল্টন, প্রেসক্লাব এবং হাইকোর্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রেসক্লাবের সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি থামানোর জন্য কয়েকজন শ্রমিক হইচই শুরু করেন। এ সময় একটি বাসের চালকের সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি হচ্ছিল। মানববন্ধন ফেলে কিছু শ্রমিক ওই বাসে ওঠে কয়েকজন যাত্রীকে নামিয়ে মারধর করেন। মাইকে শ্রমিকনেতারা আহ্বান জানানোর পর শ্রমিকেরা নিবৃত্ত হন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ওই সংগঠনের কার্যকরী সভাপতি। অধিকাংশ বক্তা বলেন, সড়ক দুর্ঘটনার জন্য চালককে ঘাতক হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে। অধিকাংশ বক্তা সাংবাদিকদের সমালোচনা করে বলেন, ‘আপনারা শ্রমিক ও চালকদের দায়ী করে একতরফাভাবে খবর পরিবেশন করছেন, এটা ঠিক নয়।’ একাধিক বক্তা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিশিষ্ট ব্যক্তিদের সমালোচনা করেন।