পরিবহনে চাঁদা আদায়কালে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন যানবাহনে চাঁদা আদায় করার সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদ মিয়া, মিলন হোসেন ও মাসুম মিয়া।

সোনারগাঁ থানার উপপরিদর্শক আবদুল হক শিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চার হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। আবদুল হক জানান, গ্রেপ্তার হওয়া মাসুম মিয়া হত্যাসহ ৩১টি মামলার আসামি হেলাল উদ্দিন ওরফে পিচ্ছি হেলালের সহযোগী।

সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান বলেন, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে এসআই আবদুল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।