পরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পরিবহনের ভাড়া কমানোর ব্যাপারে আগামী সোমবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। পরিবহনের ভাড়াও কমবে। আগামী সোমবার পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল শুক্রবার গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে সারা দেশে নির্বাচন ভালো ছিল। দ্বিতীয় ধাপে সংঘাতের ঘটনা ঘটলেও তৃতীয় ধাপের নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। পরবর্তী তিনটি নির্বাচনও আশা করছি শান্তিপূর্ণ হবে। তবে নির্বাচনে উত্তেজনা, সংঘাত একেবারেই থাকবে না—এ কথা বলে কোনো লাভ নেই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। এসব ঘটনার তদন্ত শেষে বিচার-প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আশা করি, অতি সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। কোনো হত্যাকারীকে, কোনো খুনিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’