পরিবহন-সংকটে নাকাল যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে পরিবহন-সংকট দেখা দিয়েছে। ফলে ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে ফেরার পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো লোক ভোগান্তি পোহাচ্ছেন। এ সুযোগে বাসমালিক ও শ্রমিকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সরকারি অফিস-আদালতের ঈদের ছুটি শেষ হয়। তবে পোশাক কারখানাগুলোতে গতকাল শুক্রবার পর্যন্ত ছুটি ছিল। এ কারণে গতকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকার দিকে ছুটতে থাকেন। এতে পাটুরিয়া ও আরিচায় যাত্রীদের চাপ বেড়ে যায়। ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া সড়কে বিআরটিসি, যাত্রীসেবা, পদ্মা লাইন ও নবীনবরণ পরিবহনের লোকাল বাসের পাশাপাশি অন্য রুটের বাসও যাত্রী পরিবহন করছে। এ ছাড়া ট্রাক, পিকআপ, লেগুনা ও মাইক্রোবাসে করে যাত্রীরা গন্তব্যে রওনা হন। তবু যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় ভোগান্তির সৃষ্টি হয়। এ সুযোগে পরিবহনমালিকেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছেন। শুধু বিআরটিসির বাসে নির্ধারিত ভাড়া নেওয়া হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নেমে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়ায় আসছেন। এরপর গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠতে গিয়ে ভোগান্তিতে পড়েন।
কয়েকজন যাত্রী বলেন, পাটুরিয়া থেকে গাবতলী এবং আরিচা থেকে ঢাকার সাভারের নবীনগর পর্যন্ত লোকাল বাসের ভাড়া ৭৬ টাকা। অথচ বাসমালিক ও শ্রমিকেরা যাত্রীদের কাছ ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করছেন। বাসের ভেতরে ২০০ টাকা এবং ছাদে ১৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এ ছাড়া মানিকগঞ্জের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। বাস-সংকটের কারণে ট্রাক, পিকআপ, লেগুনা ও টেম্পোতে করে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে মানিকগঞ্জ, নবীনগর ও সাভারের যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন।
মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া যেসব বাসে যাত্রী পরিবহন করা হচ্ছে, সেগুলো আমাদের সমিতিভুক্ত নয়। এ কারণে অতিরিক্ত ভাড়া নিলেও আমাদের করার কিছু থাকে না। তবে যাত্রী নামিয়ে দিয়ে ফিরতি পথে যানবাহনগুলোকে খালি যেতে হচ্ছে। এ কারণে ভাড়া হয়তো কিছুটা বেশি নিতে পারে।’
সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন-অর-রশিদ বলেন, বিআরটিসির সিদ্ধান্ত অনুযায়ী পাটুরিয়া বা আরিচা থেকে গাবতলী পর্যন্ত বাসের ভাড়া ১১৯ টাকা এবং সাভারের নবীনগর পর্যন্ত ৭৬ টাকা। তবে ঈদে যাত্রীর চাপের কারণে গাবতলী পর্যন্ত ১৫০ টাকা এবং নবীনগর পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কেউ অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।