পরিবহন-সংকটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের সামনে মানববন্ধন l ছবি: প্রথম আলো
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনের সামনে মানববন্ধন l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাচালক-মালিক লীগ। এর আগে সংগঠনটি জেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় পরিবহন-সংকটের কারণে গতকালও নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। ব্যাটারিচালিত রিকশা বন্ধের সুযোগে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অনেক নগরবাসীর অভিযোগ, কার্যত সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছে তাঁরা জিম্মি হয়ে পড়েছেন।
জেলা পরিষদ চত্বরের সমাবেশে অটোরিকশাচালক-মালিক লীগ সিটি করপোরেশন নির্বাচন পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবি জানায়। বক্তারা বলেন, ৭০ হাজার ব্যাটারিচালিত রিকশার সঙ্গে কমপক্ষে পাঁচ লাখ লোকের রুটিরুজির বিষয়টি জড়িত। হঠাৎ করে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ায় চালক ও তাঁদের পরিবারের সদস্যরা অভাব-অনটনে পড়েছে।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের নেতা ও ওয়াসার সিবিএর সভাপতি নুরুল ইসলাম, অটোরিকশাচালক-মালিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ। সমাবেশ শেষে মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত সোমবার থেকে চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হয়।
দুর্ভোগ: ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় নগরের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। গতকালও নগরের বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল দেখা যায়, প্যাডেলচালিত একটি রিকশা এলে পাঁচ-ছয়জন সেটি ঘিরে ধরছে। এতে স্বাভাবিক ভাড়ার চেয়ে দেড়-দুই গুণ বেশি ভাড়া হাঁকছেন রিকশাচালকেরা।
গতকাল নগরের তিনপুল মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে আন্দরকিল্লায় যাওয়ার জন্য রিকশার জন্য অপেক্ষা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হামিদ। অনেকক্ষণ অপেক্ষা করেও রিকশা না পেয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় আন্দরকিল্লায় যান। তাঁর কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়।