পরিবার ও দলের দাবি ফাঁসানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছৈয়দ নুরকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে চারটি অস্ত্র পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
তবে পরিবারের দাবি, ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। একই দাবি করেছে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ।
গত সোমবার বেলা ১১টায় কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে ছৈয়দ নুর জড়িত। তাঁর কাছে অবৈধ অস্ত্রের মজুত রয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ছৈয়দ নুরকে পিস্তল, দুটি গুলিসহ তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে একটি এসএমসি (অটোমেটিক সাবমেশিন কারবাইন), একটি রিভলভার, একটি ওয়ান শুটারগান ও রিভলবারের পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
র্যাবের সংবাদ সম্মেলনের পর গত সোমবার বিকেলে রাজাখালী ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছৈয়দ নুরের স্ত্রী শামসুন্নাহার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬ মে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে গত রোববার কক্সবাজার আওয়ামী লীগের প্রস্তুতি সভা হয়। ওই সভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা সড়কের মাথা থেকে ছৈয়দ নুরকে আটক করে র্যাব। পরে রাত ১০টার দিকে রাজাখালীর বদিউদ্দিনপাড়ায় চেয়ারম্যানের বসতঘরে অভিযান চালাতে গেলে স্থানীয় জনতা বাধা দেয়। এ সময় র্যাবের সদস্যরা লাঠিপেটা করে লোকজনকে সরিয়ে দিয়ে ঘরে তল্লাশি চালান। তল্লাশি শেষে অস্ত্র পাওয়ার দাবি করে র্যাব। এ সময় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় র্যাব।
শামসুন্নাহার বলেন, ‘আমার স্বামীকে গ্রেপ্তার করতে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে।’
অভিযোগের বিষয়ে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ছৈয়দ নুরের বিরুদ্ধে ২৯টি মামলা আছে। একটি হত্যা মামলায় তাঁর ৩০ বছরের সাজা হয়েছে। তাকে ফাঁসানোর প্রশ্নই আসে না।
ছৈয়দ নুরকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার রাতে, সোমবার বিকেলে ও গতকাল মঙ্গলবার দুপুরে রাজাখালীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় লোকজন।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘ছৈয়দ নুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন। তিনি এলাকায় জনপ্রিয়। তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তপূর্বক তাঁর মুক্তি চাই।’
এদিকে গত সোমবার সন্ধ্যায় র্যাব ছৈয়দ নুরকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান। তিনি বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র্যাবের সুবেদার হারুনুর রশিদ বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। গতকাল ছৈয়দ নুরকে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।