পরিবার ও দেশকে বিপদে ফেলবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু কুদরত-ই-খুদাকে দিয়ে বিজ্ঞানমুখী শিক্ষা কমিশন গড়েছিলেন। তাঁর আদর্শ মেনে চললে আজকের সমাজের যে অবক্ষয় তা দূর হতো। তরুণদের প্রতি আমি আহ্বান জানাই, নিজেকে, পরিবারকে ও দেশকে বিপদের মধ্যে ফেলবেন না।’
গতকাল সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনকালে প্রধান অতিথির বক্তব্যে কাজী রিয়াজুল হক এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা হবে না। নিজের পরিচয় জানা যাবে না। তাঁকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, আমি কমিউনিস্ট না, কিন্তু আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, সমতায় বিশ্বাস করি। তিনি ছিলেন সবচেয়ে বেশি মানবতাবাদী।’
সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, যখন মানুষের মধ্যে কোনো স্বপ্ন থাকে না, যখন মানুষের মনোজগতে শূন্যতা বিরাজ করে, তখনই মানুষ জঙ্গিবাদের দিকে যায়। এর বিরুদ্ধে আদর্শগত লড়াই করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, ‘আমার রিকশাওয়ালা, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ দুর্নীতি করে না। দুর্নীতি করে আমরা যারা শিক্ষিত আছি তারা। তাদের চিহ্নিত করতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুর রব বলেন, ‘পাকিস্তানি কাঠামোর সঙ্গে বাংলাদেশের ভাষা-সংস্কৃতির মিল ছিল না, আমাদের অর্থনৈতিক বৈষম্য বেড়ে যাচ্ছিল। সামাজিক উন্নয়নসূচকে আমরা এখন পাকিস্তান থেকে বহু গুণ এগিয়ে আছি। বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ শোধ হবার নয়।’
ইইউর বিবিএর শেষ বর্ষের শিক্ষার্থী এ এইচ এম মুক্তাদির মওলা বলেন, ‘আজ আমরা বাংলায় লেখাপড়া করতে পারছি, সে জন্য প্রধান অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বঙ্গবন্ধুর জীবনী বাধ্যতামূলক করা হোক।’
আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. সাইফুল মজিদ, সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, আলী আজম প্রমুখ।