দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল রোববার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। বরিশালে মানববন্ধন চলাকালে বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের একযোগে কাজ করার ওপর জোর দেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা ১১টার দিকে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের উদ্যোগে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করা হয়। এতে ফ্রন্টের বরিশাল বিভাগের আহ্বায়ক মহনিস উল ইসলাম সভাপতিত্ব করেন।
মানববন্ধন চলাকালে শিক্ষক-কর্মচারী নেতারা বলেন, শিক্ষার্থীরা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছে। এটা উদ্বেগের কারণ। এ উদ্বেগ কমাতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, আমিনুর রহমান, আমিনুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম এর আয়োজন করে। এতে জিয়া পরিষদের সভাপতি আলীনুর রহমান সভাপতিত্ব করেন।
বেলা ১১টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগ। সমাবেশে জাসদ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তফা ইবনে হক সভাপতিত্ব করেন।
রাজবাড়ী: সকালে হোটেলের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে জেলা পুলিশ প্রশাসন মতবিনিময় সভা করেছে। পুলিশ লাইনস ড্রিল শেডে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ, সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই প্রমুখ।
পিরোজপুর: সকালে কাউখালী উপজেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিল বের করে ছাত্রলীগ। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে মুজিব চত্বরে গিয়ে সমাবেশ করে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুস শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম শাহজাহান প্রমুখ।
বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোগে মানববন্ধন হয়। এতে অংশগ্রহণকারীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুর রশিদ। একই সময়ে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় বিদ্যালয়টির উদ্যোগে মানববন্ধন হয়।