পরিবার খুঁজে পেল প্রতিবন্ধী শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সেফহোমের প্রতিবন্ধী শিশুটির পরিবারের খোঁজ মিলেছে। শিশুটিও তার পরিবারের সদস্যদের চিনতে পেরেছে।
সেফহোমের প্রধান বার্তাবাহক হাবিবুর রহমান জানান, টাঙ্গাইলের মধুপুরের একটি আদিবাসী পরিবারের কয়েকজন সদস্য গতকাল বৃহস্পতিবার সেফহোমে এসে শিশুটিকে শনাক্ত করেন। এখন তাঁদের সন্তানের যাবতীয় প্রমাণ আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে শিশুটি তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
গত বুধবার প্রথম আলোয় ‘ফিরতে উন্মুখ ১১ মুখ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক নিবাশ রঞ্জন দাশ জানান, প্রতিবন্ধী শিশুটি ছাড়াও বুধবার আরেকটি শিশুর পরিবারের সন্ধান মেলে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এ নিয়ে সেফহোমে আশ্রিত ১১ জনের মধ্যে দুই শিশুর সম্ভাব্য পরিবারের খোঁজ পাওয়া গেল।