পরিবার ছেড়ে তাঁদের ইফতার

বারান্দায় চেয়ারে বসে আছেন ছয়জন বন্ধু। বয়সের পার্থক্য থাকলেও দেখে বোঝার উপায় নেই। ফেলে আসা দিনের স্মৃতিচারণা করছিলেন তাঁরা। গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রবীণ নিবাসে ইফতারের কিছুক্ষণ আগের পরিবশেটা ছিল এমন। প্রতিদিনের মতো সেদিনও ইফতারিতে ছিল খেজুর, পেঁয়াজু, বেগুনি, ছোলা, কলা, আপেল ও শরবত।কারও কারও ইফতারিতে ভিন্নতাও ছিল। নিজের ঘরে নুডলস, হালিম আর কয়েক রকম ফল নিয়ে বসেছিলেন তাঁরা। কেউবা থালা নিয়ে গেছেন প্রতিবেশীর ঘরে। তবে পুরুষেরা সাধারণত খাবারঘরে বসে গল্পসল্প আর ইফতার করেন। নারী-পুরুষ মিলিয়ে মোট ৪২ জন আছেন এই প্রবীণ নিবাসে। পরিবার-পরিজন ছেড়ে জীবনসায়হ্নে এসে এই নিঃসঙ্গ মানুষেরা গড়ে তুলেছেন নিজেদের আলাদা জগৎ।হাঁটতে পারেন না বলে ষষ্ঠতলায় নিজ ঘরেই ইফতার করেন বজলুর রহমান। ইফতারে কয়েক রকম পদ তাঁর পছন্দ। রোজ এক খাবার ভালো লাগে না। কবিতা পড়তে তিনি ভালোবাসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক লেখিকা কিছুদিন আগে ছেলের বাসা থেকে এসেছেন এই নিবাসে। তিনি বললেন, ‘আমার লেখার অসুবিধা যাতে না হয়, সে জন্যই এখানে নিরিবিলি পরিবেশে থাকি।’ মীরা চৌধুরীর বসয় প্রায় সত্তর বছর। একসময় যে পরিবারকে আগলে রাখতেন, সেই পরিবার ছেড়ে এখন এসেছেন এই প্রবীণ নিবাসে। তাঁর শরীর খুব খারাপ। নিজে চলাফেরা করতে পারেন না। নিবাসের কাজের লোক এসে তাঁকে খাইয়ে দিয়ে যায়। কিন্তু অভিমান করে এসব কথা ছেলেমেয়েকে জানাননি। তাঁর ভাষায়, ‘মাকে দেখার সময় ওদের নেই। তাই অসুখের কথা জানানোরও আমার কোনো দরকার নেই।’ তিনি বই পড়তে ভালোবাসেন। প্রিয় লেখক তাঁর শরৎচন্দ্র। বছর পাঁচেক ধরে এই এই প্রবীণ নিবাসে আছেন তিনি। এটিই এখন তাঁর স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে।
‘একমাত্র ছেলে ২০ বছর আগে বিদেশে চলে গেছে। মেয়েও থাকে বিদেশে। আর্থিক সমস্যা নেই, কিন্তু দেশে আমাকে দেখার কেউ নেই। ছেলেমেয়েরাও আর দেশে ফিরবে না। ছেলে ও ছেলের বউ আমাকে বিদেশে নিতে চায়। বিদেশে তাদের খালি বাসায় থাকা আর জাহান্নামে থাকা একই কথা। তাই এখানে এসে উঠেছি। যত দিন বাঁচব এই নিবাসেই থাকব।’ প্রবীণ নিবাসে বসে এভাবেই নিজের কথা বললেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রবীণ নারী।
প্রবীণ নিবাসের অধিকাংশ বাসিন্দাই মনে করেন, পরিবার থেকে শুরু করে সরকার পর্যন্ত কেউই তাঁদের নিয়ে ভাবে না। নতুন প্রজন্ম ভুলে যায় তাদের অস্তিত্ব, মনে রাখে না উন্নয়ন-অগ্রগতির মূলে রয়েছে প্রবীণদের অবদান। প্রবীণদের সেবা করার পারিবারিক সংস্কৃতিও দিনে দিনে বদলে যাচ্ছে। কাজ করতে না পারলেই পরিবারে প্রবীণদের বোঝা হিসেবে মনে করা হচ্ছে। মো. মামুন বললেন, ‘আমি নিজেকে শাস্তি দিচ্ছি। বলতে পারেন স্বেচ্ছায় নির্বাসন। কিন্তু কেন তা জিজ্ঞাসা করবেন না।’ একটা গোপন দুঃখ জমে আছে তাঁর বুকে। কথা বলতে বলতে দ্রুত পাশ কাটিয়ে নিজ কক্ষে চলে গেলেন। এভাইে কেটে যাচ্ছে প্রবীণ নিবাসের বাসিন্দাদের দিনগুলো।