পরিবার ছোট রাখার পরামর্শ দেওয়ার কেউ নেই
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। মাঠপর্যায়ে জনবল সংকট, সচেতনতা ও যথাযথ তদারকির অভাব, দারিদ্র্য, কুসংস্কার, নিরক্ষতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতাই এর মূল কারণ বলে অনুসন্ধানে জানা গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তার পদটি আট বছর ধরে শূন্য। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুকল্যাণবিষয়ক স্বাস্থ্য কর্মকর্তার পদ প্রায় দুই বছর ধরে শূন্য। এ ছাড়া পরিবার কল্যাণ সহকারীর ৩৩টি পদের মধ্যে আটটি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের ছয়টি পদের মধ্যে দুটি, অফিস সহকারী একটি, উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তার চারটি পদের একটি, ফার্মাসিস্ট চারটি পদের মধ্যে চারটিই, পাঁচটি আয়া পদের মধ্যে চারটি, দুটি পিয়ন পদের মধ্যে দুটিই, পরিবার কল্যাণ পরিদর্শকের সাতটি পদের মধ্যে দুটি পদ ছয়-সাত বছর ধরে খালি। এ ছাড়া উপজেলার ১৫টি গ্রামে পরিবার পরিকল্পনার কোনো মাঠকর্মী নেই। গ্রামগুলো হলো সিংপুর, ডুবি, গোড়াদিঘা, টিয়ায়য়া, ধিওরাইল, উত্তর দামপাড়া, দামপাড়া উত্তরহাটি, গুরই, দৌলতপুর, কুর্শা এবং ছাতিরচর ইউনিয়নের পাঁচটি গ্রাম। এই গ্রামগুলোতে পাঁচ-ছয় বছর ধরে পরিবার-পরিকল্পনার কোনো লোকই পা ফেলেননি বলে এলাকার লোকজন অভিযোগ করেছে।উপজেলা পরিসংখ্যান ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০০১ সালে উপজেলার জনসংখ্যা ছিল এক লাখ ৩২ হাজার ২০৭। ২০০৬ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৪২ হাজার ৪২৪। আর ২০০৮ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৮৩ জনে। ২০১০ সালে এ সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।গোড়াদিঘা গ্রামের একিন আলী (৪২), ডুবি গ্রামের কৃষক মনফর হুসেন (৩৮) ও ধিওরাইল গ্রামের আ. কাদির (৪০) অভিযোগ করেন, গত কয়েক বছরে গ্রামে কোনো পরিবার-পরিকল্পনা কর্মী আসেননি। একিন আলী বলেন, ‘বুইজা না বুইজা এতগুলা পুলাপাইনের বাপ অইছি। এহন এতগুলারে খাওয়াইতে পারি না। আবার লেহাপড়া করাব কই থাইক্যা?’ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী মো. আফতাব উদ্দিন বলেন, ‘অফিসে বসার কোনো জায়গা নেই। তিনজন একসঙ্গে বসলে অন্য কেউ আর অফিসে ঢুকতে পারে না। জেনারেটর থাকলেও কয়েক বছর ধরে নষ্ট।’উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, জনবলের অভাবে কাজ চালাতে অসুবিধা হচ্ছে। জেনারেটরটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান নিকলীতে পরিবার পরিকল্পনার কার্যক্রমে অচলাবস্থার কথা স্বীকার করেছেন।