রাজধানীর পল্লবী এলাকায় গত রোববার ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৭) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাদ দিয়ে মামলা করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবার এ অভিযোগ করেছে। পরিবারের অভিযোগ, পুলিশের তথ্যদাতা (সোর্স) টিটুসহ স্থানীয় কয়েকজন এই খুনের সঙ্গে জড়িত। কিন্তু পুলিশ তাদের না জানিয়ে নিজের মতো করে মামলা করেছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ দাবি করেছেন, পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আবছার বাদী হয়ে একটি মামলা করেছেন। গত রোববার বিকেলে পল্লবীর সাগুফতা আবাসিক এলাকা থেকে মোহাম্মদ আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ আলীর মা শাহনাজ বেগম অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ার কারণে টিটু ও তার দলবল তাঁর ছেলেকে খুন করেছে। তিনি বলেন, এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় তাঁরা জানতে পারেন এ বিষয়ে নিয়ে পুলিশ মামলা করেছে। ওই মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ওসি আবদুল লতিফ দাবি করেন, মোহাম্মদ আলীর লাশ বেওয়ারিশ হিসেবে তাঁর পরিবার দাফন করেছে। এ বিষয়ে শাহনাজ বেগম বলেন, ‘আমার ছেলের লাশ কেন আঞ্জুমানকে দেব? তার লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।’