ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামে ‘একঘরে’ অবস্থা থেকে মুক্তি পাওয়া সেই পরিবার দুটির খোঁজখবর নিয়েছেন মানবাধিকারকর্মীরা। গত শুক্রবার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে যান।
বিকেলে মানবাধিকারকর্মীরা ওই দুই ব্যক্তির বাড়িতে যান। তাঁরা গ্রামটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, তাঁরা ওই গ্রামে একটি সচেতনতামূলক সভা করার চিন্তা করছেন।
একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে নাটাবাড়িয়া গ্রামের মাতবরেরা মোবারক হোসেনকে প্রায় পাঁচ বছর ধরে একঘরে করে রাখেন। তাঁকে বিয়ের অনুষ্ঠানে নেওয়ায় গত মাসে দরিদ্র কৃষিশ্রমিক ভাতিজা জহুরুল ইসলামকে একঘরে করা হয়। তাঁদের ‘জাতে’ তুলতে জহুরুলকে গ্রামের ১৫০ ব্যক্তিকে খাওয়ানোর শর্ত দেন মাতবরেরা। ১২ জুলাই গ্রামের মসজিদে এ উপলক্ষে ভূরিভোজের আয়োজন করা হয়।
এ নিয়ে ১৩ জুলাই প্রথম আলোয় ‘একঘরে থেকে “জাতে” উঠতে ভূরিভোজ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর মানবাধিকারকর্মীদের একটি দল সেখানে যায়।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান দলটির নেতৃত্ব দেন। দলে আরও ছিলেন সংস্থাটির যুগ্ম সম্পাদক শরিফা খাতুন ও আশরাফুল ইসলাম, সদস্য শিবুপদ বিশ্বাস ও মো. সাইদুর রহমান।
আমিনুর রহমান বলেন, পত্রিকায় খবরটি পড়ে তাঁরা অবাক হয়েছেন। ঝিনাইদহ শহর থেকে নাটাবাড়িয়া গ্রাম খুব দূরে নয়। এরপরও সেখানে এই জঘন্য প্রথা চালু রয়েছে, তা ভাবাই যায় না। তিনি আরও বলেন, যাঁদের একঘরে করে রাখা হয়েছিল, যাঁরা এই প্রথা চালু রেখেছিলেন, সবার সঙ্গে কথা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গেও তাঁরা কথা বলেন। তাঁরা এ প্রথার খারাপ দিকগুলো তুলে ধরেন। গ্রামটিতে যাতে এ প্রথা না থাকে, সে জন্য সচেতনতামূলক সভা করার চিন্তা করছেন তাঁরা। এ ব্যাপারে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা দরকার।
এ বিষয়ে গতকাল শনিবার জহুরুল ইসলাম বলেন, মানবাধিকার সংস্থার কর্মীরা তাঁদের বাড়িতে এসেছিলেন। তাঁরা পরিবারের লোকদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি সে সময় ছিলেন না।