পরিবার না নিলে অন্য জঙ্গিদের লাশও আঞ্জুমানকে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের পরিবারের পক্ষ থেকে কেউ লাশ না নিলে গুলশানের অভিযানে নিহত জঙ্গিদের মতো অন্যদের মরদেহও আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ‘একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, এর মধ্যে যদি কোনো স্বজন না আসে তাহলে বাকি মৃতদেহগুলো আঞ্জুমানকে দাফনের জন্য দিয়ে দেওয়া হবে।’
গত ২ জুলাই সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মৃতদেহগুলো দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বারবার তাগাদা দিচ্ছিল। আমরা অপেক্ষা করেছি, কোনো স্বজন আসেনি। মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এক জঙ্গির বাবা ঘৃণা-ক্ষোভ-দুঃখ নিয়ে বলছিলেন যে ছেলের লাশ তিনি গ্রহণ করবেন না।’
হলি আর্টিজানে নিহত জঙ্গিদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখার পর গত বৃহস্পতিবার আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। এখন পর্যন্ত কল্যাণপুর, নারায়ণগঞ্জ, মিরপুর ও আজিমপুরে অভিযানে নিহত ১৪ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।