পরিবার পরিকল্পনা কার্যালয়ের গুদামে চুরি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ওষুধের গুদামে চুরির ঘটনা ঘটেছে। গুদামের জানালার গ্রিল কেটে ঢুকে চোরেরা জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ও গজ নিয়ে যায়। গত শুক্রবার সকালে কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান শুক্রবার আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন। পরে পুলিশ গুদামটি পরিদর্শন করে। ওসি রেজাউস সাদিক বলেন, থানায় একটি অবহিতপত্র দেওয়া হয়েছে। পাহারার দায়িত্বে দুই আনসার সদস্য থাকলেও ওই দিন সেখানে তাঁদের পাহারায় রাখা হয়নি। এ ছাড়া ওষুধ গুদামের রক্ষক কান্তা মজুমদারের পরিবর্তে অন্য একজনকে গুদামরক্ষকের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে ওষুধের দোকানে চুরির ঘটনা রহস্যজনক।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খানকে গতকাল তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চোরেরা গুদামের জানালার গ্রিল কেটে ঢুকে দুই হাজার ৩২০টি জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ও ১৪০টি গজ নিয়ে গেছে। শুক্রবার সকালে তাঁরা চুরির ঘটনা জানতে পান।