পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা সপ্তাহ কাল শুরু
কাল শনিবার শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ। সপ্তাহ পালন উপলক্ষে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রচারাভিযান কর্মসূচি পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।গতকাল বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা ঘোষণা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের উত্তর-পূর্ব কোণ (সিলেট) থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম কোণ (সাতক্ষীরা) পর্যন্ত একটি রুট ও পশ্চিম-উত্তর কোণ (পঞ্চগড়) থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব কোণ (কক্সবাজার) পর্যন্ত একটি রুটে ক্যারাভানের পরিবহনের মাধ্যমে জনগণকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করার চেষ্টা চালানো হবে। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচিও পরিচালিত হবে।চ্যানেল আইয়ের কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন, অধিদপ্তরের পরিচালক (আইইএম) গণেশ চন্দ্র সরকার, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ক্যারাভানে চড়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রচারাভিযানে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই দায়িত্ব পালন করবে। কর্মসূচির উদ্বোধন ঘোষণা শেষে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রসঙ্গে বলেন, দেশের দুর্গম কিছু এলাকায় এখনো এই কার্যক্রম পৌঁছায়নি। এসব দুর্বলতাকে অতিক্রম করে সামনে অগ্রসর হওয়ার জন্যই এ ধরনের সপ্তাহ পালন করা হচ্ছে। সংবাদ সম্মেলন শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কারপ্রাপ্ত গণমাধ্যমের কর্মীদের হাতে চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।