পরিবার পরিকল্পনাকর্মীদের ঘরেই দুইয়ের বেশি সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি হলে ভালো হয়, দুটি হলে কখনোই নয়’—এ ব্যাপারে মানুষকে সচেতন করার কথা তাঁদের। কিন্তু তাঁদের অনেকেই এ ব্যাপারে অসচেতন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, সিলেটের ১২টি উপজেলার কমপক্ষে ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীর দুইয়ের অধিক সন্তান রয়েছে।সম্প্রতি কথা হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক নারী পরিবারকল্যাণ সহকারীর সঙ্গে। তিনি তিন সন্তানের জননী। ‘পরিবার পরিকল্পনাকর্মীদের অন্যতম কাজ হচ্ছে অসচেতন মানুষকে জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন করা। কিন্তু আপনার তো তিন সন্তান, নিজে এটি মানছেন না কেন?’—প্রশ্নের জবাবে তিনি নিরুত্তর থাকেন। একই উপজেলার আরেক নারী পরিবার পরিকল্পনা সহকারীরও তিন সন্তান। জানতে চাইলে তিনি বলেন, ‘চাকরির আগে তিনটি সন্তান নিয়েছি, এরপর আর সন্তান নিইনি।’ একই উপজেলায় কর্মরত একজন পরিবার পরিকল্পনা পরিদর্শকের তিনজন ও অপর একজনের চার সন্তান রয়েছে।ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাখী রানী দাস বলেন, ‘বেশি সন্তান থাকলে জীবনের নিরাপত্তা থাকে—এ ধরনের চিন্তা-ভাবনায় অনেকের মধ্যে অধিক সন্তান নেওয়ার মানসিকতা থাকে। তবে সচেতন মানুষের এসব চিন্তা থাকা মোটেই ঠিক নয়। প্রয়োজনে পরিবার পরিকল্পনাকর্মীদের মধ্যে সচেতনতা চালাব।’ বিশ্বনাথ পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা যায়, কার্যালয়ের একজন স্বাস্থ্য কর্মকর্তা ও দুজন পরিদর্শকের তিনজন করে সন্তান রয়েছে।একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘চাকরিতে যোগদানের আগেই আমার তিন সন্তান ছিল, এরপর আর সন্তান নিইনি।’পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের অধিক সন্তান নেওয়ার বিষয়টি সাধারণ মানুষ নেতিবাচকভাবে দেখছেন। জকিগঞ্জ পৌরসভার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘নিজের ঘরই ঠিক না থাকলে পরের ঘর ঠিক করবেন কীভাবে? নিজের ঘরে দুইয়ের অধিক সন্তান রেখে অপরকে দুই সন্তান নিতে উপদেশ জানাবেন, সেটা হাস্যকর। তাই পরিবার পরিকল্পনাকর্মীদের আগে সংশোধন করা উচিত।’ গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার দোকান এলাকার বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ‘পরিবারকল্যাণ সহকারীরা বাড়ি-বাড়ি গিয়ে নারীদের জন্মনিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন করার কথা। কিন্তু নিজেদেরই যদি দুইয়ের অধিক সন্তান থাকে, তাহলে সাধারণ মানুষ কেন তাঁদের পরামর্শ শুনবেন?’ পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সিলেটের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন্নেসা জেসমিন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা উপদেশ দেবেন, তাঁদের সেই উপদেশ পালন করা উচিত—এটি ঠিক। তবে আগে যাঁরা চাকরিতে ঢুকেছিলেন, তাঁদের ক্ষেত্রে একাধিক সন্তান নেওয়ার প্রবণতা ছিল। কিন্তু বর্তমানে যাঁরা চাকরিতে আসছেন, তাঁদের কারও মধ্যে দুইয়ের অধিক সন্তান নেওয়ার প্রবণতা খুব একটা চোখে পড়ে না। এরপরও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা যেন দুইয়ের অধিক সন্তান না নেন, সে ব্যাপারেও সচেতনতা চালানো হবে।’