পরিবার বলছে ডাকাতি, পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে সাভারের ভাকুর্তায় দুই সবজি ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। সবজি ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বলছেন, ডাকাতির ঘটনায় তাঁরা মারা গেছেন। পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনায় ওই দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ভাকুর্তা এলাকার পুলিশের তল্লাশি চৌকির কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কেরানীগঞ্জের বটতলি গ্রামের মাছুদুর রহমান মাছুদ (২১) ও মহসিন মিয়া (৪৫)। মাছুদ কেরানিগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি সবজির ব্যবসা করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা স্থানীয় সবজি ব্যবসায়ী মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, কেরানীগঞ্জের বটতলি গ্রাম থেকে গতকাল পাঁচ সবজি ব্যবসায়ী মিলে একটি পিকভ্যানে রাজধানীর মিরপুর ১ নম্বরে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। তিনি ছাড়া অন্য চার ব্যবসায়ী হলেন মাছুদুর রহমান, মহসিন মিয়া, আলিম উদ্দিন আকতার, ও দেলোয়ার। রাত সাড়ে তিনটার দিকে ভাকুর্তা-কেরানিগঞ্জ সড়কে পুলিশের তল্লাশি চৌকির কাছে পৌঁছালে পিকআপ ভ্যানটি ডাকাতদের কবলে পড়ে। ১০-১২ জনের স্বশস্ত্র ডাকাত দল পথরোধ করে তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা ওই পিকআপটির নিয়ন্ত্রণ নিয়ে পাশেই একটি সেতুর সামনের রাস্তায় পিকআপটি দাঁড় করিয়ে ব্যারিকেড দেয়।
পিকআপের চালক ছিলেন রজব আলী। চালকের সহকারী জাহিদুলের পাশে বসা মহিউদ্দিনের ভাষ্য, ওই পিকআপ দিয়ে ব্যারিকেড দেওয়ার পর একটি ট্রাক আসে। ওই ট্রাকটি পাশ দিয়ে যাওয়ার জায়গা না থাকায় বারবার হর্ন দিচ্ছিল। না সরলে ওই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে পিকআপটিকে সরিয়ে দেয়। এতে সবজিবাহী পিকআপের পেছনে বসে থাকা মাছুদুর রহমান, মহসিন, আলিমউদ্দিন আকতার ও দেলোয়ার সড়কে পড়ে যান। পাশ দিয়ে দ্রুত যাওয়ার সময় সড়কে থাকা মাছুদুর রহমান ও মহসিন মিয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান। এ ঘটনার পর ওই সড়কে আরও কয়েকটি ট্রাকে ও যানবহানে ডাকাতরা লুটপাট চালায় বলেও দাবি করেন সবজি ব্যবসায়ীরা। রাত সাড়ে চারটার দিকে ডাকাতেরা চলে যায়।
খবর পেয়ে বটতলি গ্রামের লোকজন ভাকুর্তা এলাকায় বাধা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। গ্রামবাসীর ভাষ্য, ডাকাতির কারণে দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লোকজন সরিয়ে দিতে চাইলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দুজনের লাশ নিয়ে যেতে চাইলেও গ্রামবাসী দেয়নি।
বটতলী গ্রামের সবজি ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি রাতে এই গ্রাম থেকে ৫০-৬০টি পিকআপ ট্রাক ঢাকায় যায়। তল্লাশি চৌকির পাশে সেতুতে যান ধামিয়ে ২০,৫০, ১০০ টাকা চাঁদা নেয় পুলিশ। যেদিন পুলিশ থাকে না, ওই দিনই ডাকাতির কবলে পড়তে হয়। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
মাছুদুর রহমানের মামা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত না করেই তাঁরা লাশ দাফন করবেন। তিনি বলেন, ভাগনে মারা গেছে, তাই ময়নাতদন্ত করে কী হবে? কোন ফল পাব না। পুলিশও আমাদের হয়ে কোন কাজ করবে না।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, ভোররাত চারটা পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ভোর পাঁচটার পরে দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম প্রথম আলোকে বলেন, সবজি ব্যবসায়ীরা ডাকাতির কবলে পড়েছিলেন এবং ট্রাকের ধাক্কায় পড়ে তারা মারা গেছেন—এমন খবর জানতে পরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।