তিন-তিনবার অ্যাসিড ছোড়া হয়েছিল। গুরুতর দগ্ধ হয়েছে এক কিশোরী, তার স্বামী ও দাদি। পুড়িয়ে দেওয়া হয়েছে কিশোরীর চাচাশ্বশুরের বাড়ি। এসব ঘটনায় মাত্র একটি মামলা নিয়েছে পুলিশ। গ্রেপ্তার করেছে তিনজনকে। তবু ক্ষান্ত হয়নি হামলাকারীরা। মামলার বাদী ও অ্যাসিডদগ্ধ আমেনা আক্তার কাকলীর (১৪) বাবা কামরুল ইসলামের অভিযোগ, প্রধান আসামি হাফিজুর রহমানের (২০) আত্মীয়স্বজন মামলা তুলে নিতে তাঁকে হুমকি দিচ্ছেন। তাই ছেলেমেয়ে নিয়ে বাধ্য হয়ে গ্রাম ছেড়েছেন। আসামিদের নির্দোষ প্রমাণ করতে প্রতিবেশীদের হয়রানি করছেন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ও পুলিশ। হুমকির কারণে আমেনার শ্বশুরবাড়িতেও বসানো হয়েছে পাহারা।
অ্যাসিডদগ্ধ আমেনা ও তাঁর স্বামী পাঞ্জু শেখ (১৮) বর্তমানে রাজধানীর বনানীতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আছেন। সম্প্রতি সেখানে গেলে আমেনা জানায়, বখাটে হাফিজের পরিবারের ভয়ে তারা গ্রামে ফিরে যেতে পারছে না। তার বাবা-মা পালিয়ে রয়েছেন। শ্বশুরবাড়ির লোকজনও আছেন আতঙ্কে। ফাউন্ডেশনের পুনর্বাসন ও উন্নয়ন কর্মকর্তা রুনা লায়লা বলেন, আমেনা ও পাঞ্জু এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাঁদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। সেলাই ও ইলেকট্রিক কাজের প্রশিক্ষণের সঙ্গে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমেনার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামে। পড়ত শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে।
ঘটনার শুরু: মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে প্রতিবেশী হাবিলের ছেলে হাফিজুর আমেনাকে প্রেম নিবেদন করে আসছিল। অষ্টম শ্রেণীতে ওঠার পর স্কুলে যাওয়ার পথে হাফিজ বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। এ থেকে রক্ষা পেতে শিশু বয়সেই মেয়েকে বিয়ে দেন বাবা কামরুল। গত ২৩ আগস্ট পাশের বরইচারা গ্রামের পাঞ্জু শেখের সঙ্গে আমেনার বিয়ে হয়। ৩ সেপ্টেম্বর রাতে শ্বশুরবাড়িতে শোবার ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে আসামি হাফিজুর রহমান, তার সহযোগী শোমসপুর গ্রামের রাজীব (১৮) ও জুয়েল (২০)। এতে আমেনার শরীরে তেমন কোনো ক্ষতি হয়নি। পরদিন সকালে আমেনাকে একই গ্রামে দাদা আবদুর রউফ শেখের বাড়িতে পাঠানো হয়। ওই দিন গভীর রাতে ওই বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে আবারও অ্যাসিড নিক্ষেপ করে আসামিরা। তখন অ্যাসিডদগ্ধ হন আমেনার দাদি হালিমা খাতুন (৫৫)। তাঁকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন চিকিৎসা দেওয়া হয়।
ওই ঘটনার পর আবার শ্বশুরবাড়ি চলে আসে আমেনা। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে শ্বশুরবাড়ির জানালা দিয়ে আবারও অ্যাসিড নিক্ষেপ করে তিন আসামি। এতে আমেনার মুখ ও গলা পুড়ে যায়। পাঞ্জু শেখের হাত পুড়ে যায়। এরপর দুজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর দুজনকে ঢাকায় নেওয়া হয়। সম্প্রতি আমেনার শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের জরিন ফিতায় ঘরটি এখনো সাজানো। গত ৪ অক্টোবর দুর্বৃত্তরা আমেনার চাচাশ্বশুর আবুল কাশেমের ঘরে আগুন দেয়। পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির একমাত্র আমগাছ পুড়ে ছাই। এলোমেলো হয়ে গেছে একটি পরিপাটি সংসার। সবাই নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানান পাঞ্জু শেখের দাদা আকবর আলী শেখ।
মীমাংসার নামে সুবিধা নেওয়ার চেষ্টা: এদিকে পুরো ঘটনা মিটমাট করে দেওয়ার কথা বলে বরইচারা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাইলী আক্তারের স্বামী লুৎফর মিয়া ২০ হাজার টাকা দাবি করেন আবুল কাশেমের কাছে। ওই অর্থ না দেওয়ায় লুৎফর তাঁকে বেধড়ক পেটান বলে অভিযোগ করেছেন আবুল কাশেম। তিনি বলেন, ‘আমার ক্ষতি হইছে। আমি কেন লুৎফরকে টাকা দেব। বাড়িতে আগুন লাগানোর ঘটনায় মামলা করতে চাইলেও পুলিশ নেয়নি।’
কিন্তু অর্থ চাওয়া ও মারধরের অভিযোগ অস্বীকার করে লুৎফর মিয়া ও লাইলী আক্তার বলেন, ‘আমরা টাকা চেয়েছি গ্রামে নিরাপত্তা দেওয়ার জন্য।’ কিন্তু কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে, সে সম্পর্কে তাঁরা কিছুই বলতে পারেননি।
খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ হোসেন জানান, গ্রামের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাঁরা কেন নিরাপত্তার কথা বলে টাকা চাইবেন। এ জন্য লাইলী আক্তারকে জবাবদিহি করতে বলা হয়েছে।
পুলিশ যা বলে: খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘পুরো ঘটনা আমি তদন্ত করছি। ইউপি সদস্য না হওয়া সত্ত্বেও লুৎফর টাকা দাবি করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরইচারা গ্রামে এখন প্রতিদিন রাতে পুলিশ টহল দেয়।’