রাজশাহীর বাগমারায় পুলিশের গুলিতে ব্যবসায়ী মহাতাব মোল্লাহ (৩০) ওরফে রুবেল নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত মামলা করেনি তাঁর পরিবার। তবে পুলিশ ক্যাম্পে হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাত ৫৫০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এদিকে, ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এলাকাবাসীর ডাকা টানা তিন দিনের হরতালের প্রথম দিন গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ওই ঘটনায় পুলিশের আরও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাগমারার তাহেরপুর বাজারে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানির প্রতিবাদ করতে গিয়ে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত হন ব্যবসায়ী মহাতাব মোল্লাহ। এ নিয়ে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার কয়েক ঘণ্টার সংঘর্ষের সময় কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
মোহিনী গার্মেন্টসের মালিক মহাতাব মোল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর তাহেরপুর হাইস্কুল মাঠে ও পরে টানাপাড়া মুথুরাপুরে জানাজা শেষে সন্ধ্যার আগে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহাতাব মোল্লাহর বাবা ইদ্রিস আলী জানান, পুলিশের বিরুদ্ধে মামলা করে কোনো ফল পাওয়া যাবে না বলে তাঁরা মনে করছেন। এর পরও মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর ছেলেকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, পুলিশ ক্যাম্পে জনতার হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে অজ্ঞাত ৫৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক পারভেজ। বৃহস্পতিবার রাতে তিনি এ মামলা করেন।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেননি। পুলিশের পক্ষে যে মামলা করা হয়েছে, তা গতানুগতিক। এ মামলায় কাউকে হয়রানি করা হবে না।
জেলা পুলিশ সুপার আলমগীর কবির জানান, ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাহেরপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) এলাহী বকসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জি এম মাহবুব চৌধুরীকে বৃহস্পতিবারই সাময়িক বরখাস্ত করা এবং ওই ক্যাম্পের পুলিশ সদস্যদের রাজশাহী পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, হরতালের সমর্থনে গতকাল ভোরে ভবানীগঞ্জ-পুঠিয়া সড়কে গাছের গুঁড়ি, ডাল ও বেঞ্চ ফেলে অবরোধ করা হয়। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাহেরপুর বাজারে গতকাল হাটবার থাকলেও কোনো বেচাকেনা হয়নি।
তাহেরপুর বণিক সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। ব্যবসায়ী হত্যার সুষ্ঠু বিচার ও দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতেই তাঁরা এ কর্মসূচি পালন করছেন।