পরিবার ১ লাখ, পানির সংযোগ আছে মাত্র সাড়ে ৫ হাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে তিন বছর হলো। কিন্তু এই সময়ে রংপুরে সিটি করপোরেশনের পানির সংযোগ পেয়েছে মাত্র ২৭৫টি পরিবার। ২০১২ সালে পৌরসভা থাকাকালে পানির সংযোগ পাওয়া মোট পরিবারের সংখ্যা ছিল ৫ হাজার ২২৫। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজারে।
পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সব এলাকায় পানির সংযোগ দেওয়া যাচ্ছে না বলে সিটি করপোরেশন বলছে। মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের এলাকা থেকে রংপুর অনেক বড়। এত বড় এলাকায় পানির পাইপলাইন বসাতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তা ছাড়া বিষয়টি সময়সাপেক্ষও। এরপরও দাতা সংস্থার সহযোগিতায় এই সমস্যা নিরসনের চেষ্টা চলছে।
সিটি করপোরেশন হওয়ার আগে রংপুর পৌরসভার আয়তন ছিল ৫২ বর্গকিলোমিটার। এর মধ্যে ১৩৫ কিলোমিটার সড়কে পানির লাইন ছিল। সিটি করপোরেশন হওয়ার পর ১৭ কিলোমিটার বেড়ে তা দাঁড়িয়েছে ১৫২ কিলোমিটার সড়কে।
বর্তমানে সিটি করপোরেশনের আয়তন ২০৩ বর্গকিলোমিটার। এর মধ্যে ১ হাজার ২৮৭ কিলোমিটার সড়ক। আর পানির লাইন আছে ১৫২ কিলোমিটার সড়কে।
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে এখানে বসবাসরত পরিবারের সংখ্যা ৯৯ হাজার ৪৭০টি। এর মধ্যে মাত্র সাড়ে পাঁচ হাজার পরিবারের পানির সংযোগ রয়েছে। এদের পাঁচটি উঁচু জলাধার, ১০টি গভীর নলকূপ ও দুটি আয়রন বিযুক্তকরণ প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে ১০টা এবং বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রতিদিন দুই দফায় চার ঘণ্টা করে মোট আট ঘণ্টা পাইপলাইনের মাধ্যমে এই পানি পেয়ে থাকে পরিবারগুলো।
আর যেসব এলাকায় সিটি করপোরেশনের পানির লাইন নেই, সেখানে নগরবাসী নিজ উদ্যোগে মোটর ও নলকূপ বসিয়ে পানি উত্তোলন করছেন।
নগরের ১৬ নম্বর ওয়ার্ডের চওড়াপাড়ায় সিটি করপোরেশনের কোনো পানির সংযোগ নেই। এলাকাটি সাবেক পৌরসভায় অন্তর্ভুক্ত ছিল। এখানে প্রায় ৩০০ পরিবারের বসবাস, যাদের বেশির ভাগই নলকূপ বসিয়ে পানি তুলছে। আর সামর্থ্যবান পরিবারগুলো মোটর বসিয়ে পানি সংগ্রহ করছে।
গতকাল সোমবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত চওড়াপাড়া ঘুরে দেখা যায়, যাঁরা নলকূপ ব্যবহার করছেন, তাঁরা পানি নিয়ে বেশ সমস্যায় আছেন। গৃহবধূ কদবানু বেগম বলেন, ‘টিউবওয়েলের পানিতে আয়রন। থালাবাসন, কাপড়চোপড় লাল হয়্যা যায়।’
কয়েকজন বাসিন্দা জানান, নলকূপে পর্যাপ্ত পানি ওঠে না। অনেকক্ষণ চেপে পানি ওঠাতে হয়। প্রতিদিন এই কাজ করতে তাঁদের খুব কষ্ট হয়। গৃহবধূ ফিরোজা বেগম বলেন, ‘টিউবওয়েল থাকি থাকি নষ্ট হয়। এটা মেরামত করা লাগে। টাকা লাগে। হামার কষ্টের দিন আর শেষ হয় না।’
জানতে চাইলে সিটি করপোরেশনের পানি সরবরাহ কেন্দ্রের তত্ত্বাবধায়ক মাইনুল হোসেন প্রথম আলোকে বলেন, পানির সমস্যা দূর করা এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে জাপানের উন্নয়ন সংস্থা জাইকায় ইতিমধ্যে ২০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানির সমস্যা থাকবে না।
যোগাযোগ করা হলে জাইকার মাঠ প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস বলেন, ‘সিটি করপোরেশনের পুরো এলাকায় পানি সরবরাহের নকশার কাজ চলছে। আশা করি, চলতি বছরেই দরপত্রের মাধ্যমে কাজ শুরু যাবে।’