পরিবারকল্যাণ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কর্মচারীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বরিশাল বিভাগীয় ও পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হুমায়ুন কবির ২০১২-১৩ অর্থবছরের ভ্রমণভাতা, নৌকা ভাড়া, পরিবহন খরচ, ইউনিয়ন কমিউনিটি সভার খরচসহ ২০ জন নারী কর্মীর নামে জনপ্রতি চার হাজার টাকা করে ভ্রমণভাতার বিল তুলে আত্মসাৎ করেছেন। এ ছাড়া কর্মচারীদের স্বাক্ষর জাল করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। মাঠকর্মী কানন বালা, শাহানা বেগম ও শামীমা আক্তার জানান, তাঁরা হুমায়ুন কবিরের নানা অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় গত বছরের নভেম্বরে তিনি তাঁদের বেতন-ভাতা প্রদান স্থগিত করেন।
হয়রানির শিকার একাধিক কর্মচারী অভিযোগ করেন, হুমায়ুন কবির গত ডিসেম্বর থেকে ২৭ জন মাঠকর্মীর বেতন-ভাতা আটকে রেখেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা শাহাদৎ হোসেন হাজরা বলেন, হুমায়ুন কবির তিনি বেশির ভাগ সময়ই কার্যালয়ে অনুপস্থিত থাকেন। হুমায়ুন কবির তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মাঠকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। এ কারণে তাঁদের বেতন-ভাতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) লুৎফর রহমান বলেন, ‘হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক হরিপ্রসাদ পাল জানান, হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।