পরিবারকল্যাণ কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ!
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিবারকল্যাণ কেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকগুলোয় সরকারিভাবে পাঠানো ওষুধ মেয়াদোত্তীর্ণ বলে অভিযোগ উঠেছে। শিশুদের সর্দি, কাশি ও জ্বর এবং বড়দের চোখের ভাইরাসজনিত অসুখের প্রতিষেধক হিসেবে ওই সব ওষুধ চিকিৎসকেরা রোগীদের দিয়ে থাকেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পরিবারকল্যাণ কেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকগুলোয় গ্রামীণ মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় সরকার বিনা মূল্যে ওষুধ সরবরাহ করে। প্রতিমাসে পরিবার-পরিকল্পনা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ২৭ ধরনের ওষুধ দিয়ে কিটবক্স পাঠানো হয় এসব কেন্দ্রে।গত মার্চ ও এপ্রিল মাসে যে কিটবক্স পাঠানো হয়েছে, তার মধ্যে শিশুদের জন্য এমোক্সিসিলিন, পেডিয়াট্রিক সিরাপ ও ক্লোরামফেনিকল নামক ওষুধের কার্যকারিতার মেয়াদ শেষ হয়ে গেছে। এমোক্সিসিলিনের মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারিতে, পেডিয়াট্রিক সিরাপের মেয়াদ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে এবং ক্লোরামফেনিকলের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। উপজেলার ১০টি পরিবারকল্যাণ কেন্দ্র ও ১২টি স্যাটেলাইট ক্লিনিকে ওই সব ওষুধ সরবরাহ করা হয়। প্রতিটি কিটবক্সে ২০টি এমোক্সিসিলিন, ১০টি পেডিয়াট্রিক সিরাপ ও ১০টি ক্লোরামফেনিকল ড্রপ ছিল।আটমূল পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা কামরুল হাছিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ওষুধগুলো দেখার পর তা আর রোগীদের দেননি; সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। রায়নগর পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবদুল হান্নান জানান, তিনিও কিটবক্স খুলে মেয়াদ শেষ হওয়া ওই তিন প্রকার ওষুধ পেয়েছেন।উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক বলেন, তিনি জানার পরই মেয়াদ শেষ হওয়া ওষুধগুলোর সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।