পরিবারকল্যাণ পরিদর্শিকাদের কাছ থেকে 'চাঁদা' আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি)’ পদের প্রশিক্ষণ কোর্সকে ডিপ্লোমা করা ও এর ভিত্তিতে পদমর্যাদা উন্নীত করার কথা বলে পরিদর্শিকাদের কাছ থেকে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ‘চাঁদা’ নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, ‘সরকারের ওপরের পর্যায়ে’ টাকা দেওয়া ও এ-সংক্রান্ত অনুষ্ঠানের খরচের নামে পরিদর্শিকা সমিতির স্থানীয় পর্যায়ের নেতারা কেন্দ্রের নামে এ ‘চাঁদা’ তুলছেন। দিনাজপুর, নেত্রকোনা, নাটোর, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইলের মির্জাপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এ অভিযোগ পাওয়া গেছে। তবে চাকরির ভয়ে প্রকাশ্যে কেউ নাম-পরিচয় বলতে রাজি হননি।
একাধিক পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রথম আলোকে বলেছেন, এ ‘চাঁদা’ না দিলে চাকরির ক্ষতি হওয়ার আশঙ্কায় তাঁরা তা দিতে বাধ্য হয়েছেন।
বর্তমানে সারা দেশে প্রায় চার হাজার পরিবারকল্যাণ পরিদর্শিকা রয়েছেন। তাঁরা মাঠপর্যায়ে কাজ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সূত্রমতে, গত ১৫ জুন এক সভায় পরিদর্শিকাদের প্রশিক্ষণ কোর্সটি ডিপ্লোমায় উন্নীত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর সমিতির নেতারা পরিদর্শিকাদের মধ্যে ছড়িয়ে দেন প্রশিক্ষণ কোর্স ডিপ্লোমা হওয়ার পাশাপাশি তাঁদের পদমর্যাদাও দ্বিতীয় শ্রেণিতে উঠছে। এ বাবদ ‘খরচের’ জন্য ওই চাঁদা নেওয়া শুরু হয়। নতুন যোগ দেওয়া পরিদর্শিকাদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির সূত্রমতে, ঈদের পর স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান অতিথি করে অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি ডিপ্লোমা করার ঘোষণা দেওয়ার আয়োজন চলছে। চাঁদা তোলার সময় এ অনুষ্ঠানের খরচের কথাও বলা হচ্ছে।
নেত্রকোনার বিভিন্ন উপজেলার কয়েকজন পরিবারকল্যাণ পরিদর্শিকা অভিযোগ করেছেন, সমিতির স্থানীয় নেতারা অনেকটা জোর করেই তাঁদের কাছ থেকে এ টাকা নিয়েছেন। তাঁদের ২০ থেকে ২১ হাজার টাকা করে ‘চাঁদা’ দিতে হয়েছে। চাঁদা নেওয়ার সময় তাঁদের বলা হচ্ছে, শুধু কোর্সই ডিপ্লোমা হচ্ছে না, চাকরির পদমর্যাদাও দ্বিতীয় শ্রেণি হবে। তাই যাঁরা এ টাকা দেবেন না, তাঁদের চাকরির সমস্যা হবে।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। নাটোরে ১৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহেও টাকা নেওয়া হচ্ছে। রাজশাহীতে এখনো টাকা নেওয়া হয়নি। তবে চাওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবারকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভানেত্রী সুরাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর আবার পরিবারকল্যাণ পরিদর্শিকার প্রশিক্ষণের কোর্সটি ডিপ্লোমা হচ্ছে। এ খুশির বিষয়টি আমরা ঈদের পর বড় করে উদ্যাপন করতে চাই। এ জন্য যে খরচ হবে তা ঈদের পর ঠিক করা হবে। এখনো এ ধরনের চাঁদার কোনো সিদ্ধান্ত হয়নি।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার বলেন, ‘পরিবারকল্যাণ পরিদর্শিকার বিষয়ে নীতিগত কিছু সিদ্ধান্ত আছে। কিন্তু এটা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তা ছাড়া এ জন্য চাঁদা দিতে হবে কেন?’
মহাপরিচালক এ ধরনের চাঁদা না দেওয়ার জন্য পরিদর্শিকাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা দেবেন, তাঁদের নিজ দায়িত্বেই টাকা দিতে হবে।
(প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিরা)