পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে মা সমাবেশ
নীলফামারীরতে পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার মা-সমাবেশ ও সাইকেল শোভাযাত্রা হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব এসব কর্মসূচির আয়োজন করে।
ডোমারের বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গতকাল বেলা ১১টার দিকে ওই মা-সমাবেশ হয়। সমাবেশে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. আবদুল মান্নান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ভোগডাবুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক, ডিবিসিসির নীলফামারী পরিচালক আবু আসাদ, ল্যাম্ব শো প্রকল্পের মাঠ সমন্বয়কারী জীবন কুমার পোদ্দার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ধলেশ্বর বর্মণ, পরিবারকল্যাণ পরিদর্শিকা নূর-ই নাজমা বানু প্রমুখ।
এদিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বেলা ১১টার দিকে একটি সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চড়াইখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল হালীম। উপস্থিত ছিলেন চাপড়া সরমজানি ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, পরিবারকল্যাণ পরিদর্শিকা মাজেদা বেগম, সাবিহা বানু, পরিবার পরিকল্পনা পরিদর্শক রুবেল ইসলাম, আতিকুর রহমান, ল্যাম্বের মাঠ সমম্বয়কারী সুভাষ সরকার, রওনক লায়লা, সায়েরা খাতুন প্রমুখ।