পরিবারকে অনুদান, চালক ও সহকারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস উল্টে যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিহত সাত শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে দুই লাখ ও আহত শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে অনুদান প্রদানের কথা ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যোগ দিয়ে এই ঘোষণা দেন।
এদিকে শিক্ষাসফর শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়া বাসটির চালক ইসরাফিল মোড়ল (২৫) ও তাঁর সহকারী মহরম আলী (২০) গতকাল সকাল সাড়ে নয়টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দোয়া অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। নিহত শিশুদের প্রত্যেক পরিবারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ ও যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এক লাখ, মোট দুই লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। এ ছাড়া আহত শিশুদের চিকিৎসায় মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
মন্ত্রী নিহত শিক্ষার্থীদের নামে বিদ্যালয়টিতে একটি দ্বিতল ভবন ও পার্শ্ববর্তী ছোট আঁচড়া নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও একটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ছোট আঁচড়া গ্রামের নিহত দুই বোন উম্মে সুরাইয়া আফরিন ও মাসুমা আকতার এবং নিহত আরেক শিশু আশরাফুজ্জামান শান্তর বাড়িতে যান। সকালে মন্ত্রী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নিতে যান।
মন্ত্রীর সঙ্গে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর খুলনার বিভাগীয় উপপরিচালক শেখ রায়হান উদ্দীন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তা ওহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষাসফরের একটি বাস চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় খাদে উল্টে সাত শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়। এদের মধ্যে আহত ১১ জনকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার দুই আসামি গতকাল আত্মসমর্পণ করলেও বাকিরা পলাতক রয়েছেন। আত্মসমর্পণকারী ইসরাফিলের বাড়ি ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে ও মহরমের বাড়ি যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামে।