পরিবারকে আর্থিক সহায়তা প্লট দেওয়ারআশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় আসামি ধরতে গিয়ে নিহত পুলিশ সদস্য মো. আজিজুর রহমানের (৪৫) পরিবারকে পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারকে একটি প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা।

গত মঙ্গলবার রাতে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেন তিনি। এ সময় নিহত আজিজুরের স্ত্রী ঝরনা বেগম, মেয়ে স্বর্ণা আক্তার (১১), শ্রাবণী আক্তার (৮), তাহমিনা (৩) ও দেড় বছরের ছেলে আবু হানিফ উপস্থিত ছিল।

পুলিশ জানায়, কালীগঞ্জে পূর্বাঞ্চল উপশহর প্রকল্প এলাকায় রাজউকের ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কে গ্রুপের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবির অভিযোগে ৩০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ১০ মার্চ রাতে ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে মাইকে ডাকাত আসার ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালায় এলাকাবাসী। এতে গাজীপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্স নায়েক মো. আজিজুর রহমান (৪৫) নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার রাতে অনুষ্ঠান করে আজিজুরের স্ত্রীর হাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কে গ্রুপের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মো. আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা, জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, এ আর কে গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান খান। নূরুল হুদা আজিজুরের পরিবারকে রাজউকের পক্ষ থেকে একটি প্লট দেওয়ার ঘোষণা দেন। এ জন্য আজিজুরের স্ত্রীর কাছ থেকে একটি আবেদনও নেন।