পরিবারকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় শিশু সিফাত (৬) হত্যা মামলা তুলে নিতে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শহরের জজকোর্টের মূল ফটকের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শালুকা গ্রামবাসীর ব্যানারে বেলা ১১টার দিকে এ মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

মানববন্ধনে সিফাতের বাবা আকরাম পারভেজ অভিযোগ করেন, আসামির পরিবারের লোকজন মামলা তুলে নিতে তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে নাকি তাঁকে মেরে ফেলার কথা বলা হচ্ছে। তিনি পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

এদিকে হুমকি দেওয়ার অভিযোগে গত রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকরাম পারভেজ। জিডির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।