রাজধানীর শ্যামপুরের বরইতলায় পয়োনিষ্কাশনের নালায় পড়ে পাঁচ বছরের শিশু ইসমাইল হোসেন নীরবের অবহেলাজনিত মৃত্যুর জন্য তাঁর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে ঢাকা ওয়াসার চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেসরকারি সংস্থা চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সঙ্গে ইসমাইলের মৃত্যুর পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তিন মাসের মধ্যে প্রতিবেদন আকারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জমা দিতে বলেছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূসরাত জাহান। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন এর চেয়ারম্যান আইনজীবী মো. আবদুল হালিম। পরে তিনি প্রথম আলোকে বলেন, অবস্থান ও মানচিত্র অনুযায়ী ঢাকা শহরের ম্যানহোল, পাইপ, সুড়ঙ্গ, পয়োনিষ্কাশনের পাইপের তালিকা এবং এর মধ্যে কতগুলো অরক্ষিত ও ঢাকনাবিহীন রয়েছে, তার তালিকা তিন মাসের মধ্যে প্রতিবেদন আকারে আদালত জমা দিতে বলেছেন। যে নালায় শিশু ইসমাইল পড়ে গিয়েছিল, সেটি কাদের, এর তদন্ত প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। ওয়াসার চেয়ারম্যান, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সচিব, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্যামপুরের সহকারী কমিশনারসহ (ভূমি) ছয় বিবাদীকে এই প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
৮ ডিসেম্বর বিকেলে বাসার কাছে খেলার সময় খোলা পয়োনালায় পড়ে যায় ইসমাইল। প্রায় চার ঘণ্টা পর সেখান থেকে প্রায় এক মাইল দূরে বুড়িগঙ্গা নদীর তীরে নালার মুখ থেকে তাকে নিথর ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইসমাইলের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ম্যানহোল তদারক কর্মকর্তা শাহরিয়ার আহমেদ ওরফে শুকুর মিয়াকে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন।