ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গৃহবধূ রিনা বেগমের (১৮) মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে মামলা করতে না দিয়ে ক্ষতিপূরণ বাবদ ৫৫ হাজার টাকা নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে কামাল হোসেনের সঙ্গে চার মাস আগে একই উপজেলার জিনদপুর গ্রামের মৃত মনু মিয়ার মেয়ে রিনা বেগমের বিয়ে হয়। রিনার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে দাবি করা মাত্র আধাভরি স্বর্ণালংকারের জন্য রিনার ওপর শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই অমানুষিক অত্যাচার করত। গত শনিবার রাতে স্বর্ণের অলংকারের জন্য কামাল রিনাকে প্রচণ্ড মারধর করেন। একপর্যায়ে রিনা মৃত্যুর কোলে ঢলে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাঁর মুখে বিষ ঢেলে দেয়। পরে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করে রিনাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রিনার মৃতদেহ ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।খবর পেয়ে রিনার মা ও মামা বাবার বাড়ির লোকজন গত রোববার নবীনগর থানায় মামলা করতে যায়। কিন্তু স্থানীয় একটি মহল বিষয়টিকে ধামাচাপা দিতে জোর চেষ্টা-তদবির শুরু করে। একপর্যায়ে ওই মহল রিনার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫৫ হাজার টাকা দেওয়ার কথা বলে এবং তাঁরা বিষয়টি মেনে নিয়েছেন—এই মর্মে মুচলেকা নিয়ে তাঁদের থানা থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। নিহতের বড় ভাই জাহাঙ্গীর মিয়া (২৫) বলেন, ‘হুনছি মামলা করতে বহুত টেহা লাগে। আমরা গরিব মানুষ, এত টেহা পামু কই? তাই মামলা করতে আমাগো বাধা দেওয়া হয়। এর বদলে ক্ষতিপূরণ বাবদ ৫৫ হাজার টেহা দিব কইছে।’ জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘৫৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে শুনেছি। এর মধ্যে লাশের ময়নাতদন্ত ও দাফন-কাফন বাবদ রিনার পরিবারকে নাকি অগ্রিম কিছু টাকাও দেওয়া হয়েছে।’নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, ৫৫ হাজার টাকার রফাদফার বিষয়টির কথা আমার জানা নেই। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।