পরিবারগুলো তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

বাবার কোনো স্মৃতি তার মনে নেই। থাকার কথাও নয়। কেননা বাবা মোহম্মদ ইব্রাহিমকে যখন নৃশংসভাবে খুন করা হয়, জোনায়েতের বয়স ছিল দেড় বছর। সোনারগাঁয়ের আলগীরচরে ছোট্ট একটি ঘরে মায়ের সঙ্গে বড় হচ্ছে জোনায়েত।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহতদের একজন মোহম্মদ ইব্রাহিম। তিনি ছিলেন নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী চন্দন কুমার সরকারের গাড়িচালক। তাঁরা দুজনের কেউই ছিলেন না আততায়ীর লক্ষ্য। নিতান্ত ঘটনাচক্রে তাঁদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।
ইব্রাহিমের দুই স্ত্রী হনুফা আক্তার ও মাহমুদা বেগমের ঘরে তিন মেয়ে ও দুই ছেলেসন্তান রয়েছে। দুজনই সোনারগাঁয়ের বারদী এলাকার আলগীরচর গ্রামে ইব্রাহিমের বাড়িতে থাকেন। শিশু জোনায়েত হনুফার সন্তান।
গত শুক্রবার হনুফা আক্তার প্রথম আলোকে বলেন, ছোট বাচ্চার দুধের খরচের জন্য তাঁর শ্বশুর তাঁকে মাসে ৫০০ টাকা দেন। তাঁর বাবার বাড়ি পাশেই তাঁদের মুরগির খামার আছে। সেখান থেকে মাসে দু-একটা মুরগি আর এক বস্তা করে চাল দেওয়া হয়। ইব্রাহিম মারা যাওয়ার আগে তাঁকে একটি সেলাই মেশিন কিনে দিয়েছিলেন। ওই মেশিন দিয়ে গ্রামের মানুষের জামাকাপড় সেলাই করে কিছু টাকা আয় করেন।

মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব অসহায় অবস্থায় আছি। পরিবারে রোজগারের কেউ নেই, সবাই শিশু। পড়াতে পারি না। অসুস্থ হলে চিকিৎসা করাতে পারি না। অনেক কষ্টের মধ্যে আছি।’ মাহমুদা বলেন, ‘বাচ্চাকাচ্চারা কিছু চাইলে কিনে দিতে পারি না। এক জোড়া জোতা চেয়েছিল, কিনে দিতে পারি নাই। আমার তো মায়ের মন, শুধু কাঁদি।’

দুই বছর আট মাস আগের যে ঘটনা হনুফা ও মাহমুদার সংসার তছনছ করে দিয়েছে, সেটি পরিণত হয়েছে দেশের সাম্প্রতিককালের সবচেয়ে তোলপাড় তোলা মামলায়। এর বিচারকাজ শেষ হয়েছে। কাল সোমবার মামলার রায় ঘোষণা করা হবে।

সাত খুনের ঘটনার আরেক শিকার আইনজীবী চন্দন কুমার সরকার। ২০১৪ সালের ২৭ এপ্রিল বাসায় ফিরে ছোট মেয়ে সপ্তর্ষিকে নিয়ে কোচিংয়ে যাওয়ার কথা ছিল তাঁর। মুঠোফোনে সর্বশেষ তিনি মেয়ের সঙ্গেই কথা বলেছিলেন।

সপ্তর্ষি সরকার তখন এ লেভেলে পড়তেন। বাবার মৃত্যুশোকে মুহ্যমান এই মেয়েটি আড়াই বছরেও শেষ করতে পারেননি তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনার এই পর্যায়। ‘বাবা আসবেন, কোচিংয়ে নিয়ে যাবেন—এ কথাতেই সে ঘুরপাক খাচ্ছে।’ বললেন চন্দনের মেজ মেয়ে সুস্মিতা সরকার।

চন্দন সরকারের চার মেয়ে। সাত খুনের ঘটনার আগেই তিন মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে সপ্তর্ষি সরকারকে সঙ্গে নিয়ে স্ত্রী অর্চনা সরকার থাকেন জালকুড়ি এলাকায় তাঁদের নিজেদের বাড়িতে। শুক্রবার ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অর্চনা সরকারের মুঠোফোনটিও বন্ধ।

মেজ মেয়ে সুস্মিতা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। সুস্মিতা প্রথম আলোকেবলেন, ‘বাবা ছিলেন পরিবারের মাথা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের কোনো ভাইও নেই। পরিবারটা মাত্র দাঁড়াচ্ছিল, কিন্তু হঠাৎ এই ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল। ঘটনার পর থেকে মা অসুস্থ। ছোট বোনটা এখনো বিধ্বস্ত। পড়াশোনাই করতে পারছে না।’

সাত খুনের পর দেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে অনেকেই আর্থিক সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরিবারগুলো বলছে, কেউ তাদের খোঁজ নেয়নি, পাশে দাঁড়ায়নি, এমনকি সান্ত্বনাটুকুও দেয়নি। পরিবারগুলো বলছে, জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি হবে, এটাই তাদের এখন একমাত্র আশা।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে চার সঙ্গীসহ গাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় তাঁরা অপহৃত হন। ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। ঘটনাটি দেখে ফেলায় তাঁকে ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকেও তুলে নেওয়া হয়। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে নজরুল, চন্দন সরকারসহ ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ পাওয়া যায়।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ৩৫ জনকে আসামি করে গত বছরের ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে লে. কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ, মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানাসহ ২৫ জনই র‍্যাব সদস্য। বাকি দশজন হলেন নূর হোসেন ও তার সহযোগী। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নূর হোসেন অর্থের বিনিময়ে র‍্যাব সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিলেন নজরুল ইসলাম। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ায় স্ত্রী সেলিনা হোসেন বিউটি সন্তানদের নিয়ে থাকেন। শূন্য আসনে উপনির্বাচনে সেলিনা নজরুলের স্থলাভিষিক্ত হন। তবে সদ্য শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দাঁড়িয়ে তিনি হেরে গেছেন। সেলিনা প্রথম আলোকেবলেন, পরীক্ষায় ভালো করলে বা যেকোনো উপলক্ষেই নজরুল তাঁর সন্তানদের নিয়ে বেড়াতে যেতেন বা কোথাও খেতে যেতেন। সন্তানেরা এখনও বাবাকেই খোঁজে।

এই হত্যাযজ্ঞে নিহত হয়েছেন নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলমও। তাঁর স্ত্রী শামসুন্নাহার নূপুর সে সময় ছিলেন অন্তঃসত্ত্বা। ঘটনার এক মাস পর রোজা নামে তাঁর এক কন্যাসন্তানের জন্ম হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে (মাস্টাররোল) সহকারী পিয়ন পদে চাকরি করেন শামসুন্নাহার। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাইচা আছি না মরছি, কী খাই না খাই কেউ জানতেও চায় না। চাকরি করে মাসে ছয় হাজার টেকা পাই। তা দিয়ে চলে না। শাশুড়ির লগে থাকি। ভাড়াটিয়ার মতো কারেন্ট বিল, গ্যাস বিল সবই আমারে দিতে হয়। মাইয়াটার কী হবে তা নিয়েই চিন্তায় মরি।’

এ ঘটনায় নিহত ব্যক্তির একজন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন। গণমাধ্যমকর্মী ও পরিচিতজনের প্রশ্ন এড়াতে খুনের ঘটনার পরপরই গোদনাইল এলাকায় বাবার বাড়ি চলে এসেছেন তাঁর স্ত্রী মুর্শেদা বেগম। দুই মেয়ে নিয়ে তিনি সেখানেই থাকেন। বড় মেয়ে ইশরাত জাহান পড়ে সপ্তম শ্রেণিতে। বাবা বিদেশে আছেন—এমনটাই জানে তিন বছর বয়সী ছোট মেয়ে তাবাসসুম জাহান।

বৃহস্পতিবার মুর্শেদার বাড়িতে গেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগ করত, তার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। কিন্তু কী পেলাম আমরা? কেউ সান্ত্বনাটুকুও দেয় না।’ মুর্শেদা ও তাঁর বোনকে ছোট রেখে তাদের বাবা মারা গেছেন অনেক আগে। মুর্শেদা এখন বাবার বাড়ি দেখাশোনা করেন। বাবার বাড়ির সামনে বানানো কয়েকটি ঘরের ভাড়া থেকেই চলে তাঁর সংসার।

নজরুলের ব্যবসা দেখাশোনা করতেন তাজুল ইসলাম। একই সঙ্গে স্থানীয় একটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করতেন। নজরুলই তাঁর পড়ালেখার খরচ চালাতেন। তাজুলের বাবা আবুল খায়েরের সঙ্গে কথা হয় সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়া এলাকায়। প্রথম আলোকে তিনি বলেন, ‘তাজুলের কথা মনে পড়লে তার মা এখনো হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। তখন কী করব, কীভাবে সান্ত্বনা দেব, কিছুই খুঁজে পাই না।’

আবুল খায়ের বলেন, তাজুলের আয় পরিবার চালানোর জন্য বড় সহায়ক ছিল। এখন তিনি একটি ছোট চাকরি করেন। এ দিয়েই পরিবার চালাচ্ছেন।

সিরাজুল ইসলাম লিটন ছিলেন নজরুলের ব্যবসায়িক অংশীদার। বই পড়া আর ঘুরে বেড়ানোই ছিল তাঁর নেশা। সিরাজুলের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যৌথ পরিবার। উনিই ছিলেন আর্নিং পারসন। তাঁর মৃত্যুর পর এখন আমরা কিছু একটা করার চেষ্টা করছি।’

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আসিফ হোসেন, নারায়ণগঞ্জ)