পরিবারটিই ঝলসে গেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় মেয়ের স্বামী গুরুতর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। তিন সন্তানসহ সেই মেয়ে বাবার বাড়িতে। অপর মেয়ের স্বামী গত বছর ঢাকায় কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান। সেই মেয়েও দুই সন্তানসহ এই বাড়িতে। বড় ছেলে নুর আলম শ্রবণপ্রতিবন্ধী। এর সঙ্গে তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচ। এই বোঝা যিনি টানতেন, সেই মো. হোসেন ‘রাজনীতির’ পেট্রলবোমায় গত ১৯ ফেব্রুয়ারি মারা গেছেন।
লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা দিনমজুর মো. হোসেন। বাবার কথা বলতে গিয়ে কলেজ পড়ুয়া তাঁর ছোট ছেলে নুরনবী বলে, ‘একজনকে পুড়িয়ে মেরে পুরো পরিবারটিকেই ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।’
চট্টগ্রামের এক ছাগল ব্যবসায়ীর আড়তে দিনমজুরের কাজ করতেন হোসেন। হরতাল-অবরোধের কারণে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় আড়ত বন্ধ হয়ে যায়। কাজ হারান তিনি। আড়তমালিকের সহযোগিতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ নেওয়ার কথা হয়। কাজে যোগদানের জন্য নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র দরকার। এ জন্য অবরোধ ও হরতালের মধ্যেই গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে বাড়ি কমলনগরের উদ্দেশে রওনা দেন হোসেন। সন্ধ্যায় ফেনীর লালপুর বাজারে পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ১৯ ফেব্রুয়ারি মারা যান।
হোসেনের স্ত্রী নুরজাহান বেগম জানালেন, স্বামীর উপার্জনেই সংসার চলত। তিনি নেই, উপার্জনও নেই। একরকম অনাহারেই দিন কাটছে তাঁদের। এ অবস্থায় ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাবেন কী করে? তিনি জানান, তিন বছর আগে মেঘনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ার পর তাঁরা অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছেন। জমিজমা নেই, এলাকায় আয়ের তেমন সুযোগ ছিল না। তাই চট্টগ্রামে গিয়ে ছাগল ব্যবসায়ীর আড়তে কাজ নিয়েছিলেন তিনি (হোসেন)। আর এখন শ্রবণপ্রতিবন্ধী বড় ছেলে নুর আলম দিনমজুরি করে যা পান, তাই দিয়ে খেয়ে না-খেয়ে দিন কাটছে।
ছোট ছেলে নুরনবী জানাল, লেখাপড়াটা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও দুরবস্থার কারণে এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে। বাবার দাফনের জন্য ১০ হাজার টাকা ছাড়া তার পরিবার আর কোনো সহায়তা পায়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আওয়াল জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহযোগিতা চেয়ে তাঁর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ থেকে হোসেনের স্ত্রীর নামে একটি ভিজিডি কার্ড করে দেওয়া হয়েছে। এ ছাড়া পুনর্বাসনের জন্য পরিবারটিকে খাসজমির বন্দোবস্ত করা হবে।