পরিবারটির কাছে পয়লা বৈশাখ মানে শুধুই কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উচ্ছ্বাস নিয়ে পয়লা বৈশাখে শুরু হয় নতুন বছরের যাত্রা। কিন্তু পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া গ্রামের গাজী বাড়িতে এই দিনটি হাজির হয় স্বজনহারাদের হাহাকার নিয়ে। নয় বছর ধরে এখানে পয়লা বৈশাখ মানে শুধুই কান্না, শুধুই আর্তনাদ। আনন্দের বদলে শোক ছুঁয়ে যায় পুরো গ্রামকে।নয় বছর আগে ২০০১ সালের পয়লা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলায় ১০ জনের জীবন কেড়ে নেয়। তাঁদের মধ্যে তিনজন বাউফলের গাজী বাড়ির আল-মামুন, রিয়াজুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসী ওরফে শিল্পী। তাঁরা চাচাতো ভাইবোন।মামুন চেয়েছিলেন বড় টেইলার মাস্টার হয়ে টানাপোড়েনের সংসারের হাল ধরতে। রিয়াজের স্বপ্ন ছিল ব্যবসা করা। আর কম্পিউটার শিখে বিদেশে যেতে চেয়েছিলেন শিল্পী। রমনার বটমূলে চিরতরে হারিয়ে যায় এই স্বপ্নগুলো।দীর্ঘ নয় বছর পেরোলেও রমনা বটমূলের বোমা হামলার বিচার হয়নি। অন্য কোনো সহযোগিতাও পায়নি নিহত ব্যক্তিদের স্বজনেরা। এদিকে নিহত রিয়াজের বৃদ্ধ বাবা সামসুল হক আয়-রোজগারের ক্ষমতা হারিয়েছেন। দুই ছেলেমেয়ের লেখাপড়া চলছে ধারদেনা করে। সংসারের অবস্থা জানাতে গিয়ে অশ্রু বেয়ে পড়ে রিয়াজের মা খালেদা বেগমের চোখ থেকে।শিল্পীর বাবা হাসেম গাজী (৮০) বলেন, ‘কম্পিউটার প্রশিক্ষণ নিতে শিল্পী ঢাকা গেল, আর ফিরল লাশ হয়ে। খুনিদের শাস্তি চাই আমি।’মামুনের বাবা কাসেম গাজী (৭৫) বলেন, ‘বাড়ির তিন সন্তান এমন নৃশংসভাবে মারা গেল, আজও বিচার পেলাম না।’ মামুনের স্মৃতি হাতড়ে ফেরেন মা নূরজাহান বেগম (৬৫)। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘পয়লা বৈশাখ এলেই আমার খুব কষ্ট লাগে। আমি আর কিছু চাই না, ছেলে হত্যার বিচার চাই।’