সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দুই সহোদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। গতকাল রোববার পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া তিন শিশুর পড়াশোনা খরচের দায়ভার নেওয়া হয়।
দুই ভাই বাবুল হাওলাদার ও সহিদুল হাওলাদারের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম গ্রামে। সৌদি আরবে গত বছরের ২২ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।
নিহত সহিদুলের স্ত্রী সালমা বেগম প্রথম আলোকে বলেন, তাঁকে একটি সেলাই মেশিন ও পুঁজি হিসেবে সাড়ে সাত হাজার টাকা এবং তাঁর শারীরিক প্রতিবন্ধী দেবর নান্টু হালদারকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া নিহত বাবুলের ছেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, সপ্তম শ্রেণির ছাত্র ইউসুফ হাওলাদার ও নিহত সহিদুলের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সোয়াকে শিক্ষাবৃত্তি (যত দিন পড়াশোনা করবে) দেওয়া হয়েছে। গতকাল ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত কাগজপত্র ও নগদ টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছয়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, ব্যাংকের আইন উপদেষ্টা সৈয়দ মোশারফ হোসেন প্রমুখ।
বাবুল ও সহিদুলের বাবা আ. হাকিম হাওলাদার দিনমজুর। তাঁর অভাবের সংসার। ছেলেদের পড়াশোনা করাতে পারেননি। পরিবারের একটু সুখের আশায় সহায়-সম্বল বিক্রি করে বাবুল ও সহিদুলকে তিনি ২০০৭ সালে সৌদি আরবে পাঠান। সেখানে দুই সহোদর স্যানিটারি ও টাইলস মিস্ত্রির কাজ করতেন।
হাকিম হাওলাদার বলেন, তাঁর দুই ছেলে নিহত হওয়ার পর পরিবারে অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় তিন সন্তানের পড়াশোনা। এখন আবার আশার আলো দেখতে পাচ্ছেন।
যমুনা ব্যাংক লিমিটেড বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউল হক বলেন, দুই সহোদর নিহত হওয়ার ঘটনায় প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে পরিবারের দুরবস্থার কথা জানতে পারেন তিনি। ব্যাংকের পরিচালক নুর মোহাম্মদ পরিবারটির পুনর্বাসন ও সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন।