পরিবারে চারজনই প্রতিবন্ধী, ভাতা পান না কেউই
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাদ গ্রামের ভূমিহীন এক দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিসহ চারজনই প্রতিবন্ধী। কিন্তু তাঁদের কেউই ভাতা পাচ্ছেন না। শ্রবণপ্রতিবন্ধী আজিজার রহমানের স্ত্রী মোমেনা খাতুন জানান, তাঁর স্বামী কানে শোনেন না বলে কেউ কাজে নিতে চায় না। তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। বড় ছেলে শাহীন (১৮) ও মেয়ে শান্তি বানু (১২) বুদ্ধিপ্রতিবন্ধী এবং ছোট ছেলে আল আমিন (৮) বাকপ্রতিবন্ধী।বৃদ্ধ শাশুড়িসহ তাঁদের পরিবারের সদস্য আটজন। দারিদ্র্যের কারণে অপর দুই সন্তানের পড়াশোনাও বন্ধ রয়েছে। পরিবারের চারজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাঁদের কাউকেই প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে না।মোমেনা আক্ষেপ করে বলেন, ‘ভোট এলে শুধু বলে, এবারে ভোট দেন, প্রতিবন্ধী ভাতা পাবেন। তারপর আর কেউ খবর নেয় না। পরিবারের সবাইকে নিয়ে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছি। একজন সন্তানের ভাতা পাওয়ার জন্য আমি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ অনেকের কাছে ধরনা ধরেছি। কেউ কোনো ব্যবস্থা করেনি। শুধু ভোটের সময় কথা দেয়।’এ ব্যাপারে আলমপুর ইউপির চেয়ারম্যান গাজিউল হক বলেন, ‘ভাতার তালিকায় ওই পরিবারের সদস্যদের কথা বিবেচনায় রয়েছে। নতুন বরাদ্দ পেলে তাঁদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’