পরিবারে পাঁচজন প্রতিবন্ধী, চারজনই ভাতা পান না
টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের পাঁচ সদস্য প্রতিবন্ধী। তাঁদের মধ্যে চারজনই ভাতা পান না।
পরিবারটির কর্তাব্যক্তির নাম আবদুল গণি (৫৫)। তিনি জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর স্ত্রী হাউসি বেগম (৫০) শারীরিক প্রতিবন্ধী। তাঁদের দুই ছেলে। ছোট ছেলে লিটন (১৮) দৃষ্টিপ্রতিবন্ধী। আর বড় ছেলে আবুল হাশেম ও তাঁর স্ত্রী মর্জিনা আক্তার সুস্থ থাকলেও তাঁদের দুই মেয়েই প্রতিবন্ধী। এই দুজনের মধ্যে হাসিনা আক্তার (৯) বুদ্ধিপ্রতিবন্ধী এবং হাসি আক্তার (৭) দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। অর্থাৎ পরিবারটির সাত সদস্যের মধ্যে পাঁচজনই প্রতিবন্ধী।
আবদুল গণির বাড়ি উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বুড়িরচালা গ্রামে। নিঃস্ব এ পরিবারে আবদুল গণি মাসে ৫০০ টাকা ভাতা পেলেও বাকি চার সদস্য কোনো ভাতা পান না। তা ছাড়া সরকারের হতদরিদ্রদের তালিকাতে নাম না থাকায় ১০ টাকা দরে চালও পায় না পরিবারটি।
সম্প্রতি আবদুল গণির বাড়িতে গিয়ে দেখা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী দাদা আবদুল গণির কোলে বসে কাঁদছে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী নাতনি হাসি আক্তার। পাশেই বসে আছে আরেক নাতনি বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী হাসিনা। আবদুল গণি জানালেন, তাঁদের পুরো সংসারই চলে অভাব-অনটনে। অর্ধাহার-অনাহারে। তাঁর বড় ছেলে আবুল হাশেম সুস্থ ও একমাত্র উপার্জনক্ষম। সংসারের ঘানি টানতে টানতে তিনিও অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ছোট ছেলে লিটন চোখে না দেখলেও ভিক্ষা করেন না। দিনমজুরের কাজ করে সংসার সামলান।
আবদুল গণি বলেন, তাঁর ছোট ছেলে লিটন অসুস্থ হয়ে পড়লে বা কাজ না পেলে সেদিন বাড়িতে চুলা জ্বলে না। তাঁর দাবি, তাঁদের পাঁচজনই যেন প্রতিবন্ধী ভাতা পান এবং ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারেন।
মর্জিনা আক্তার বলেন, তাঁর দুটি মেয়েই প্রতিবন্ধী। কেউ ভাতা পায় না। ১০ টাকা কেজি চালের তালিকাতেও তাদের নাম নেই।
যোগাযোগ করলে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার প্রথম আলোকে বলেন, পরিবারটির পাঁচজনই যেন ভাতা পান, সে জন্য উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।
কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল বিদ্যুৎ বলেন, ‘একই পরিবারে পাঁচজন প্রতিবন্ধী আছে, এটা আমার জানা ছিল না। হতদরিদ্রের তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। মার্চ মাস থেকে তাঁরা ১০ টাকা কেজি দরে চাল কেনার কার্ড পাবেন এবং শিগগিরই প্রতিবন্ধী ভাতারও ব্যবস্থা করা হবে।’