সামাজিক শাসন শিথিল করায় ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীনতা পেয়ে বিপথগামী হচ্ছে। প্রত্যেক মা-বাবাকে নিজ সন্তানের দায়িত্ব নিতে হবে। প্রতিটি পরিবারে মাদকবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে জেলা পুলিশ আয়োজিত মাদক ও জঙ্গিবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।
মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মাদক বানাই না। প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে চোরাই পথে মাদক আসে। আমাদের বর্ডার গার্ড (বিজিবি) এ ব্যাপারে সর্বোচ্চ নজরদারিতে আছে। মাদক রুখতে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনায় আমরা সফল হয়েছি। মিয়ানমারের সঙ্গেও আলোচনার চেষ্টা চলছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ জাহিদ আহসান, আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি আসাদুর রহমান প্রমুখ।
সমাবেশে চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, সাইমন সাদি, জায়েদ খান, চিত্রনায়িকা পপি প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, সাখাওয়াত হোসেন, রাসেল শেখ উপস্থিত ছিলেন।