পরিবারেই প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি বৈষম্য ও দুর্ব্যবহারের শিকার হন। পারিবারিক ক্ষেত্রে অসহযোগিতামূলক মনোভাব ও অবহেলার কারণে এসব মানুষ তাঁদের দুর্দশার জন্য লজ্জাবোধ করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে পরিচালিত একটি অংশগ্রহণমূলক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
গবেষণাটি করেছে সাইটসেভার্স, হেল্প এইজ ইন্টারন্যাশনাল, এডিডি ও আলঝেইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল নামের পাঁচটি বেসরকারি সংস্থার মঞ্চ প্রান্তজনের কথা। গতকাল বুধবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ভয়েসেস অব দ্য মারজিনালাইজ্ড বা প্রান্তজনের কথা শীর্ষক এক সেমিনারে গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
‘আমরাও পারি বদলে দিতে’ শীর্ষক এ গবেষণায় বলা হয়, নিজেদের মধ্যে এবং বৃহত্তর সামাজিক পরিসরে প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। গবেষণায় তাদের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি, জীবিকা, শিক্ষা ও নাগরিক সেবাপ্রাপ্তি, চিকিৎসাসুবিধা, ধর্ষণ ও যৌন হয়রানিসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় বিচার পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার বিষয়গুলোও উঠে এসেছে।
সেমিনারে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের পক্ষ থেকে আরও বেশি উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করা না গেলে দারিদ্র্য দূরীকরণের যে প্রচেষ্টা, তা মার খাবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এসব ব্যক্তির নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু কল্যাণ নয়, প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর যেকোনো অধিকারভিত্তিক চাহিদা মেটাতে রাষ্ট্র বাধ্য।’
সেমিনারে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী। তিনি বলেন, যোগ্যতা ও কর্মদক্ষতা থাকা সত্ত্বেও অনেক প্রতিবন্ধী ব্যক্তি শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকার বিভিন্ন স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকা স্থানীয় সাংসদদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ছাড়া আদালতে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইশারা ভাষায় পারদর্শী এমন লোকবল নিয়োগের জন্য সরকারের প্রতি দাবি জানান রাশেদা কে. চৌধূরী।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাতিসংঘের সিডও কমিটির সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান প্রমুখ।